বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে ফেলোশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
দক্ষিণ এশিয়ার তরুণ গবেষক ও শিক্ষাবিদদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি ও ম্যাক্স ওয়েবার ফোরাম ফর সাউথ এশিয়ান স্টাডিজ। ‘২০২৭ সামার ফেলোশিপ প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকেরা জার্মানিতে সর্বোচ্চ তিন মাস গবেষণার সুযোগ পাবেন। এ ফেলোশিপে আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।
ফেলোশিপের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার উদীয়মান গবেষকদের ইউরোপীয় একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউটের সঙ্গে দীর্ঘমেয়াদি গবেষণা সহযোগিতার সুযোগ তৈরি করা।
ফেলোশিপের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার গবেষকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত গবেষকদের গবেষণার মূল কেন্দ্র হবে জার্মানির হাইডেলবার্গ। ২০২৭ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ফেলোশিপ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
যেসব বিষয়ে গবেষণার সুযোগ
ইথনোলজি বা নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, আধুনিক ভাষা ও দক্ষিণ এশিয়ার সাহিত্য, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাস এবং ক্ল্যাসিক্যাল ইন্ডোলজিসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকবে।
এই ফেলোশিপের মাধ্যমে গবেষকেরা তাঁদের চলমান বা পূর্বনির্ধারিত গবেষণা প্রকল্প এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের থার্ড-পার্টি ফান্ডিংয়ের জন্য গবেষণা প্রস্তাব তৈরির সুযোগ পাবেন।
মিলবে যেসব সুবিধা
ফেলোশিপে নির্বাচিত গবেষকদের আন্তর্জাতিক যাতায়াতের জন্য সর্বোচ্চ ১ হাজার ৫০০ ইউরো পর্যন্ত দেওয়া হবে। পাশাপাশি জার্মানিতে অবস্থানের সময় আবাসন বা বাড়িভাড়ার খরচ এবং প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো হারে ফেলোশিপ ভাতা দেওয়া হবে।
এ ছাড়া গবেষকেরা হাইডেলবার্গ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউটের বিভিন্ন বৈজ্ঞানিক ও একাডেমিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে ইউরোপের গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য সর্বোচ্চ এক পৃষ্ঠার কভার লেটার এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার সিভি জমা দিতে হবে। সিভিতে আবেদনকারীর শীর্ষ ১০টি প্রকাশনার তালিকা থাকতে হবে। এর সঙ্গে ডক্টরাল বা পিএইচডি সনদের অনুলিপি, নির্ধারিত টেমপ্লেট অনুযায়ী গবেষণা প্রকল্পের বিস্তারিত বিবরণ এবং দুজন রেফারির তথ্য দিতে হবে।
এ ছাড়া সাউথ এশিয়া ইনস্টিটিউটের কোনো সদস্যের রেফারেন্স লেটার দেওয়া যাবে, তবে এটি ঐচ্ছিক।
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফেলোশিপটি দক্ষিণ এশিয়ার গবেষকদের আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে নিজেদের গবেষণা তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় গবেষকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।



