তুরস্কের ভিসা আবেদনে নতুন করে যেসব বিষয় খেয়াল রাখতে হবে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
বাংলাদেশিদের জন্য তুরস্কের ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়া হলেও ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তুরস্কের দূতাবাস বা কনস্যুলেট।
ভিসা আবেদনকারীদের সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। নির্ধারিত ভ্রমণের তারিখের সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
পর্যটন ভিসার জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৮ মাস থাকতে হবে। এর সঙ্গে পূর্ববর্তী পাসপোর্ট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্বাস্থ্যবীমা, ফ্লাইট রিজার্ভেশন এবং হোটেল বুকিং জমা দিতে হবে।
এ ছাড়া গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি দেখাতে হবে। ১৮ বছরের বেশি বয়সীদের নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হলেও শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা অথবা স্বামী-স্ত্রীর ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য।
ব্যবসায়ী ও চাকরিজীবীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন, এনওসি, ভিজিটিং কার্ড ও অফিসিয়াল পরিচয়পত্রের মতো অতিরিক্ত নথি প্রয়োজন হতে পারে।
ভিসা ফি ও সার্ভিস চার্জ নগদে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে। আবেদন প্রত্যাখ্যাত হলেও এসব ফি ফেরতযোগ্য নয়।
এদিকে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে, এমনকি আবেদন প্রত্যাখ্যাতও হতে পারে। তাই তুরস্কের ভিসার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় সব নথি সঠিকভাবে প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।



