আবেদন করতে পারবেন যাঁরা
সৌদি আরবে বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- কাউস্টে বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ।
মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প নামের এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকেরা আবেদন করতে পারবেন।
কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচিত শিক্ষার্থীরা সৌদি আরবের কাউস্ট ক্যাম্পাসে থেকে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস নিয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
এবার জেনে নেওয়া যাক, কারা আবেদন করতে পারবেন।
স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীর পড়াশোনা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে। এ ছাড়া ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ সিজিপিএ এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কর্মসূচির জন্য নির্বাচিতদের কাছ থেকে কোনো অংশগ্রহণ ফি নেওয়া হবে না। বরং থাকছে মাসিক স্টাইপেন্ড, বিনা মূল্যে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা, ভিসা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা। পাশাপাশি অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
আবেদনের জন্য লাগবে আবেদনপত্র, সিভি, ইংরেজিতে অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সৌদি আরবের বাইরে থাকা আবেদনকারীদের পাসপোর্টের কপি।
আর আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬।
তাই যোগ্যতা থাকলে দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করে ফেলতে পারেন।



