বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য সামাজিক ভ্রমণে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন এই নীতি গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন ব্যবস্থার ফলে বাংলাদেশি নাগরিকদের সাধারণ সামাজিক ভ্রমণের ক্ষেত্রে আগের মতো ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে না। এ ধরনের ভ্রমণের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, মাল্টিপল এন্ট্রি ভিসা এখন আর সব দেশের নাগরিকদের জন্য সাধারণভাবে দেওয়া হবে না। তবে নির্দিষ্ট কিছু ভ্রমণের উদ্দেশ্যে এ ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

মালয়েশিয়ার প্রচলিত ভিসা ব্যবস্থায় সামাজিক ভ্রমণের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা মূলত একবার প্রবেশের জন্য দেওয়া হয়। অন্যদিকে মাল্টিপল এন্ট্রি ভিসা সাধারণত ব্যবসা বা সরকার-টু-সরকার বিষয়ক কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়।

যেসব ভ্রমণে এমইভি পাওয়া যাবে

নতুন নীতিতে নির্দিষ্ট উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এগুলো হলো—

  • ব্যবসায়িক ভ্রমণ
  • চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ
  • ফ্লাই অ্যান্ড ক্রুজ
  • ওয়েডিং ট্যুরিজম

তবে নতুন বিধিনিষেধটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্য বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ক্ষেত্রে এর সরাসরি প্রভাব নেই।

বাংলাদেশ বর্তমানে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভিসা প্রয়োজন এমন দেশগুলোর তালিকায় রয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য মালয়েশিয়ায় বারবার যাতায়াতের ক্ষেত্রে আগের তুলনায় ভিসা ব্যবস্থায় পরিবর্তন আসবে।