টিউশন ফি মওকুফের সুযোগ, থাইল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন স্কলারশিপের সুযোগ দিচ্ছে। এসব বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হতে পারে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এআইটির সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের জানুয়ারি ইনটেকে যেসব বিদেশি শিক্ষার্থীর শিক্ষাগত ভিসা প্রয়োজন, তাদের আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৬।

যেসব সুবিধা মিলবে

এআইটির স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর সুযোগ রয়েছে। যোগ্যতা ও মূল্যায়নের ভিত্তিতে কোনো শিক্ষার্থী সম্পূর্ণ টিউশন ফি অথবা এর একটি অংশের জন্য বৃত্তি পেতে পারেন।

তবে স্কলারশিপের আওতায় নিবন্ধন ফি ও জীবনযাত্রার খরচ অন্তর্ভুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ নিবন্ধন ফি দিতে হয়। এ ছাড়া থাকা-খাওয়াসহ জীবনযাত্রার জন্য মাসে আনুমানিক ১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার থাই বাথ ব্যয়ের প্রয়োজন হতে পারে।

স্কলারশিপের পরিমাণ সব শিক্ষার্থীর জন্য একই নয়। সংশ্লিষ্ট অনুষদ বা স্কুলের বাছাই কমিটি আবেদনকারীর যোগ্যতা মূল্যায়ন করে বৃত্তির পরিমাণ নির্ধারণ করে। একবার স্কলারশিপের পরিমাণ নির্ধারিত হলে পুরো অধ্যয়নকালজুড়ে তা পরিবর্তন করা যায় না।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

এআইটিতে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু, খাদ্য ও কৃষি, প্রাকৃতিক সম্পদ, জননীতি ও টেকসই উন্নয়ন এবং ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম রয়েছে।

বিভিন্ন স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এআইটির একাধিক অনুষদ ও স্কুলে স্কলারশিপের সুযোগ রয়েছে।

কারা আবেদন করতে পারবেন

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এআইটির আন্তর্জাতিক স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে সাধারণত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

তবে ভর্তি ও ইংরেজি ভাষার যোগ্যতা প্রোগ্রামভেদে আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে পছন্দের প্রোগ্রামের নির্দিষ্ট ভর্তি-শর্ত দেখে নেওয়া প্রয়োজন।

আবেদনের সময়সীমা

এআইটির একাডেমিক বছরে জানুয়ারি ও আগস্ট—দুটি প্রধান ইনটেক রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি ইনটেকে যেসব বিদেশি শিক্ষার্থীর শিক্ষাগত ভিসা প্রয়োজন, তাদের আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৬।

তবে স্কলারশিপের সময়সীমা ইনটেক ও বৃত্তিভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট স্কলারশিপের নির্দিষ্ট সময়সীমা যাচাই করা প্রয়োজন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে এআইটির নির্ধারিত আবেদন ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং স্কলারশিপের শর্তগুলো দেখে নিতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য এআইটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬।