বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্দোনেশিয়ায় বৃত্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬
২০২৭–২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব যোগ্যাকার্তা (ইউএমওয়াই)। ‘ইউএমওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২০২৭–২৮ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বৃত্তির মেয়াদ
স্নাতক প্রোগ্রামের জন্য বৃত্তির মেয়াদ চার বছর বা আট সেমিস্টার। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য দুই বছর বা চার সেমিস্টার এবং পিএইচডি প্রোগ্রামের জন্য চার বছর পর্যন্ত বৃত্তির সুযোগ রয়েছে।
যেসব সুবিধা মিলবে
আবেদনকারীদের প্রথমে পূর্ণ বৃত্তির জন্য বিবেচনা করা হবে। তবে প্রাথমিক মূল্যায়ন ও সাক্ষাৎকার—দুই ধাপের বাছাই প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বৃত্তির ধরন নির্ধারণ করবে।
পূর্ণ বৃত্তির আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসন সুবিধা। এ ছাড়া একাডেমিক কার্যক্রম শুরুর আগে তিন মাসের ইন্দোনেশিয়ান ভাষা শেখার কোর্স এবং ক্যাম্পাসে সীমিত স্বাস্থ্যসেবার সুবিধাও রয়েছে।
এর পাশাপাশি আংশিক প্লাস ও আংশিক বৃত্তির সুযোগও রয়েছে। বাছাই প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বৃত্তির ধরন নির্ধারিত হবে। তাই শুরুতে পূর্ণ বৃত্তির জন্য বিবেচিত হওয়া মানেই পূর্ণ বৃত্তি নিশ্চিত হওয়া নয়।
যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে IELTS, TOEFL, Duolingo English Test বা TOEIC-এর গ্রহণযোগ্য স্কোর জমা দিতে হবে। স্নাতক প্রোগ্রামের জন্য ন্যূনতম CEFR B1 এবং স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য B2 মানদণ্ড প্রযোজ্য।
তবে পূর্ববর্তী ডিগ্রি সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে সম্পন্ন করা হলে নির্দিষ্ট শর্তে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ থেকে ছাড়ের সুযোগ থাকতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় সাধারণত একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, মোটিভেশন লেটার এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ জমা দিতে হবে।
স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে দুটি সুপারিশপত্র এবং গবেষণা প্রস্তাবও প্রয়োজন হতে পারে।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
২০২৭–২৮ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের আবেদন গ্রহণ করা হচ্ছে ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি-শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও বৃত্তির শর্ত ভালোভাবে দেখে নেওয়া উচিত।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভর্তি বিভাগের ওয়েবসাইটে যেতে হবে।



