অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনায় নিষেধাজ্ঞা আসছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে লেবার সরকার। অভিবাসন সংস্কারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে আলোচিত অভিবাসন সংস্কার পরিকল্পনা ঘোষণা করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে নেট ওভারসিজ মাইগ্রেশন (NOM) ৩ লাখ থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা। এ জন্য অস্থায়ী ভিসার সংখ্যা কমানো, ভিসার মেয়াদ শেষ হলে দ্রুত দেশ ছাড়ার ব্যবস্থা করা এবং ভিসা হপিং বন্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত অর্থবছরে অস্ট্রেলিয়ায় ৩ লাখ ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৬ হাজার ছিল শিক্ষার্থীদের পরিবারের সদস্য বা নির্ভরশীল ব্যক্তি। নতুন নীতি কার্যকর হলে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যেতে পারবেন; তবে তাদের পরিবারের সদস্যদের নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যাবে।
টনি বার্ক জানিয়েছেন, আইন প্রণয়নের মাধ্যমে সংস্কার কার্যকর করতে চান তিনি। তবে সংসদে প্রয়োজনীয় সমর্থন না পেলে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমাদের হাতে যত বেশি উপায় থাকবে, তত ভালোভাবে অভিবাসন নিয়ন্ত্রণ করা যাবে।’
সরকার এরই মধ্যে অভিবাসন ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে। জুলাইয়ে ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন প্রক্রিয়া ধীর করা হয়েছে। দক্ষ কর্মীদের ভিসা আবেদনও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার ফলে বিদেশ থেকে আবেদন করা দক্ষ কর্মীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ব্রিজিং ভিসা নিয়েও পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে প্রতি মাসে প্রায় ১ হাজার ৫৮০ জন সুরক্ষা ভিসার জন্য আবেদন করছেন। তাদের বেশির ভাগই চীন, ভারত ও মালয়েশিয়া থেকে আসা শিক্ষার্থী বা ভিজিটর ভিসাধারী। এসব আবেদনের প্রায় ৯০ শতাংশ প্রত্যাখ্যাত হলেও আপিল প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় আবেদনকারীরা এ সময় ব্রিজিং ভিসায় থেকে কাজ করার সুযোগ পান।
সরকারের ধারণা, অনেকে এই সুযোগের অপব্যবহার করছেন। তাই ব্রিজিং ভিসার ব্যবস্থাতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
লেবার সরকারের পরিকল্পনার সঙ্গে ওয়ান নেশন দলের সাম্প্রতিক অভিবাসন নীতির কিছু মিল রয়েছে। দলটি সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের পরিবারের সদস্যদের ভিসা সীমিত করার প্রস্তাব দিয়েছে।



