হংকংয়ে আসছে নতুন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ভিসা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

বিদেশিদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন ভিসা ক্যাটাগরি চালুর পরিকল্পনা করছে হংকং সরকার। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণ, দক্ষতা বিনিময় ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ২০২৬ সালের নীতিগত ভাষণে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশটির ট্যালেন্ট লিস্টে আরও কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত পেশা যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

বর্তমানে হংকংয়ের ট্যালেন্ট লিস্টে ৬০টি পেশা রয়েছে। এসব পেশার মধ্যে স্থানীয়ভাবে দক্ষ জনবলের ঘাটতি থাকা ফাইন্যান্স, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে টপ ট্যালেন্ট পাস স্কিমে (TTPS) স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ভিসা-সংক্রান্ত নিয়ম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জন লি বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসার শুরুর পর্যায়ে তুলনামূলক কম আয় করায় ভিসা নবায়নের সময় সমস্যায় পড়েন। তাই নির্দিষ্ট সরকারি সংস্থার সহায়তা পাওয়া প্রযুক্তি স্টার্টআপের উদ্যোক্তাদের ভিসা নবায়নের ক্ষেত্রে আয় প্রমাণের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের জন্য হংকংয়ে ব্যবসা শুরু ও সম্প্রসারণের সুযোগ আরও সহজ হবে বলে নীতিগত ভাষণে জানানো হয়েছে।