কাতারে পরিবার ভিসার শর্ত আরও কঠিন হলো
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
কাতারে পরিবার ভিসার জন্য নতুন নিয়ম প্রকাশ করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকদের পরিবারকে কাতারে আনতে হলে মাসে কমপক্ষে ৫ হাজার কাতারি রিয়াল আয় থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু নির্ধারিত আয় থাকলেই পরিবার ভিসার জন্য আবেদন করা যাবে না। আবেদনকারীর চাকরির ধরনও বিবেচনায় নেওয়া হবে। শ্রমিক শ্রেণির কাজ, অর্থাৎ কম দক্ষ বা ম্যানুয়াল কাজে যুক্ত ব্যক্তিরা এই ভিসার জন্য যোগ্য হবেন না। কেবল স্বীকৃত চাকরির চুক্তি থাকা পেশাজীবীরা আবেদন করতে পারবেন।
পরিবার ভিসার আরেকটি শর্ত হলো স্বাস্থ্যবিমা। ভিসায় কাতারে আসা পরিবারের সদস্যদের পুরো অবস্থানকালীন বৈধ স্বাস্থ্যবিমা থাকতে হবে। অর্থাৎ কাতারে অবস্থানের সময় তাদের চিকিৎসা ব্যয়ের নিশ্চয়তা থাকতে হবে।
কাতার সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘হোস্টের পেশা শ্রমিক শ্রেণির হওয়া যাবে না। মাসিক আয় কমপক্ষে ৫ হাজার রিয়াল হতে হবে এবং স্বীকৃত চাকরির চুক্তি থাকতে হবে। ভিজিটরদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক।’
নতুন নিয়মের ফলে পরিবার ভিসার ক্ষেত্রে আয়, চাকরির ধরন ও স্বাস্থ্যবিমা—তিনটি বিষয়ই যাচাই করা হবে। ফলে পরিবারকে কাতারে আনতে ইচ্ছুক প্রবাসীদের এসব শর্ত পূরণের পাশাপাশি আগেই আর্থিক পরিকল্পনা করতে হবে।
নাইজেরিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকদের জন্য এই শর্ত আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ৫ হাজার রিয়াল তাদের স্থানীয় মুদ্রায় বড় অঙ্কের অর্থ। পরিবারকে কাতারে আনতে হলে তাই আয় ও ব্যয়ের বিষয়টি হিসাব করে এগোতে হবে।
এদিকে কাতার সম্প্রতি পাঁচটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড় দিয়েছে। বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা এখন ভিসা ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রচলিত ভিসা ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।



