শিক্ষা-গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
শিক্ষা, চীনা ভাষা প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও যৌথ গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
সোমবার (২৭ অক্টোবর) চীনের কুনমিংয়ে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনকালে এ আলোচনা হয়। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার বিষয় গুরুত্ব পায়।
বিশ্ববিদ্যালয়টির সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি চীনা ভাষা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। যৌথ গবেষণাগার ও সমন্বিত গবেষণা প্রকল্প নিয়েও আলোচনা হয়।
আবদুল খালেক বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক, যৌথ প্রশিক্ষণ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় জোরদারে বাংলাদেশ আগ্রহী।
এ সময় তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান। সফরকালে সচিব বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।



