অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। একদিকে কমছে নতুন শিক্ষার্থী ভর্তির সংখ্যা, অন্যদিকে ভিসার শর্ত কঠোর করছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নতুন কৌশল নিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো।

দ্য পাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের নতুন ভর্তি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০২৫ সালের ওই সময়ে নতুন ভর্তি হয়েছিল ১ লাখ ৩০ হাজার ৪১৫ জন। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৬৮ জনে। তবে সামগ্রিকভাবে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা প্রায় স্থিতিশীল রয়েছে।

এদিকে, ভিসার শর্ত কঠোর করার পাশাপাশি নির্ভরশীল পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগও সীমিত করেছে অস্ট্রেলিয়া সরকার। শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য, ইংরেজি দক্ষতা এবং প্রকৃত শিক্ষার্থী কি না, তা যাচাইয়ের শর্তও কঠোর রয়েছে। ২০২৭ সালে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিকল্পিত সীমা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার।

বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষায় আরেকটি পরিবর্তন হলো, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো এখন বিদেশে নিজেদের ক্যাম্পাস সম্প্রসারণ করছে। ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে ক্যাম্পাস চালুর উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নিজ দেশে থেকেই অস্ট্রেলীয় শিক্ষাব্যবস্থায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন। এতে বিদেশে গিয়ে পড়াশোনার পুরো ব্যয় বহন করতে অক্ষম শিক্ষার্থীদের জন্য বিকল্প পথ তৈরি হতে পারে।

শিক্ষার্থীদের পছন্দেও পরিবর্তন আসছে। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের সুনাম কিংবা জীবনযাত্রার মান বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন না তাঁরা। পড়াশোনা শেষে চাকরি, ইন্টার্নশিপ এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি একাধিক দেশের শিক্ষাব্যবস্থা ও সুযোগ-সুবিধা তুলনা করে গন্তব্য বেছে নেওয়ার প্রবণতা বাড়ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এসব পরিবর্তন গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করার আগে ভিসার সর্বশেষ শর্ত, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়সহ মোট খরচ, পছন্দের কোর্সের মান এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সম্ভাবনা যাচাই করা জরুরি। ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বিবেচনা করলেও সংশ্লিষ্ট নিয়ম ও যোগ্যতার শর্ত সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন।

অস্ট্রেলিয়ায় পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নয়, বরং সামগ্রিক ব্যয়, ভিসার যোগ্যতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কোর্সের সামঞ্জস্যও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।