বিদেশে উচ্চশিক্ষা: বিষয় নির্বাচনে কর্মসংস্থানের চাহিদা উপেক্ষিত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের বিষয় এবং কর্মবাজারে নিয়োগদাতাদের চাহিদার মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায়। বিশেষ করে ব্যবসায় শিক্ষা ও প্রকৌশলে নিয়োগদাতাদের চাহিদা বেশি থাকলেও এসব বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম। বিপরীতে জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মতো বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ কর্মবাজারের চাহিদাকে ছাড়িয়ে গেছে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কোর্স নির্বাচনবিষয়ক প্ল্যাটফর্ম স্টাডিপোর্টালস ও ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান নুস গ্রুপের যৌথ বিশ্লেষণে চার দেশের শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের প্রবণতার সঙ্গে নিয়োগদাতাদের চাহিদা তুলনা করা হয়েছে।
‘ইউনিভার্সিটি অ্যাজ আ কানেক্টর’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চার দেশেই ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ এবং নিয়োগদাতাদের চাহিদার মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়োগদাতাদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি চাহিদাসম্পন্ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে উদ্যোগ নিতে হবে।
পাঠ্যক্রমে এআই দক্ষতা যুক্ত করার পরামর্শ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পাঠ্যক্রম পুনর্গঠনের ওপরও গুরুত্ব দিয়েছে প্রতিবেদনটি। শুধু কম্পিউটারবিজ্ঞান বা প্রযুক্তিনির্ভর বিষয়ে নয়, বিপণন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য শাখার পাঠ্যক্রমেও এআই-সম্পর্কিত দক্ষতা যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশভেদে চাহিদা ও আগ্রহের পার্থক্য
যুক্তরাজ্যে জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ভৌতবিজ্ঞানের মতো বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ নিয়োগদাতাদের চাহিদার তুলনায় বেশি। অন্যদিকে শিক্ষা খাতে কর্মীর প্রয়োজন থাকলেও এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এ ব্যবধান আরও বেড়েছে।
আমেরিকায় নার্সিং ও স্বাস্থ্যবিজ্ঞানেও একই ধরনের অসামঞ্জস্য দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে দেশটিতে প্রতি বছর প্রায় ১ লাখ ৮৯ হাজার নিবন্ধিত নার্সের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এ খাতে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলকভাবে স্থিতিশীল।
অন্যদিকে পরিবেশ ও সংরক্ষণবিষয়ক শিক্ষা, মনোবিজ্ঞান এবং দৃশ্য ও পরিবেশনশিল্পের মতো ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ নিয়োগদাতাদের চাহিদাকে ছাড়িয়ে গেছে। এসব বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর কর্মসংস্থানের পথ তৈরির পরামর্শ দিয়েছে প্রতিবেদনটি।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থানেও গুরুত্ব
উচ্চশিক্ষা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোন দেশে কাজ করবেন, সে বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। স্নাতক শেষ করার পর শিক্ষার্থীরা যে দেশে থাকতে চান, সেই দেশের কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করতে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে থেকে যাওয়ার হার ৪০ শতাংশ। কানাডায় এ হার ৬৬ শতাংশ।
নুস গ্রুপের বৈশ্বিক উচ্চশিক্ষাবিষয়ক প্রধান জ্যাক আশকানাসি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ পরিকল্পনা শুধু শিক্ষার্থীদের বর্তমান আগ্রহের ওপর নির্ভর করা উচিত নয়। কর্মবাজারের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে কোন বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো, কোন বিষয়ে বিদ্যমান সক্ষমতা ধরে রাখা এবং কোথায় পাঠ্যক্রম পরিবর্তন করা প্রয়োজন, সে সিদ্ধান্ত নিতে হবে।
সূত্র: টাইমস হায়ার এডুকেশন



