যুক্তরাজ্যে শিক্ষার্থীদের মেইনটেন্যান্স ফান্ড বাড়ছে, কার্যকর ৩০ নভেম্বর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য। তবে দেশটিতে পড়তে যেতে আগ্রহীদের জন্য বাড়ছে আর্থিক প্রস্তুতির চাপ। স্টুডেন্ট ভিসার আবেদনে পড়াশোনার সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা প্রমাণে প্রদর্শন করতে হয় যে অর্থ, সেই ‘মেইনটেন্যান্স ফান্ড’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
‘স্টাডি নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘স্টেটমেন্ট অব চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস (এইচসি ৫৮৪)’-এ নতুন এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের হোম অফিস। দেশটিতে পড়াশোনাকালে নিজের থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ বহনের সামর্থ্য রয়েছে, তা প্রমাণ করতে ভিসা আবেদনের সময় নির্ধারিত পরিমাণ অর্থ দেখাতে হয় শিক্ষার্থীদের।
যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের কোর্সের প্রতি মাসের জন্য নির্ধারিত অর্থ দেখাতে হয়। তবে সর্বোচ্চ ৯ মাসের হিসাব অনুযায়ী মেইনটেন্যান্স ফান্ড প্রদর্শন করতে হয়।
নতুন নিয়মে লন্ডনের শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ মাস বা তার বেশি মেয়াদের কোর্সের ক্ষেত্রে মেইনটেন্যান্স ফান্ডের পরিমাণ ১৩ হাজার ৭৬১ পাউন্ড থেকে বাড়িয়ে ১৪ হাজার ১৩০ পাউন্ড করা হয়েছে। অর্থাৎ বাড়ছে ৩৬৯ পাউন্ড।
অন্যদিকে, লন্ডনের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই অর্থ ১০ হাজার ৫৩৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১০ হাজার ৮২৭ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বাড়ছে ২৮৮ পাউন্ড।
এ ছাড়া কোনো শিক্ষার্থী যদি আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসন বাবদ অর্থ পরিশোধ করে থাকেন, তাহলে তাঁর মেইনটেন্যান্স ফান্ড থেকে সর্বোচ্চ ছাড়ের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে এই ছাড়ের পরিমাণ ছিল ১ হাজার ৫২৯ পাউন্ড। নতুন নিয়মে তা বেড়ে হয়েছে ১ হাজার ৫৭০ পাউন্ড।
নতুন নিয়মটি কোর্স শুরুর তারিখের পরিবর্তে ভিসা আবেদনের তারিখের ভিত্তিতে কার্যকর হবে। অর্থাৎ আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর আগে যাঁরা ভিসার আবেদন জমা দেবেন, তাঁদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য থাকবে। আর ওই দিন বা এর পর আবেদন জমা দিলে নতুন নির্ধারিত পরিমাণ অর্থ দেখাতে হবে।
যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, দেশটির স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেইনটেন্যান্স ঋণের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই অর্থের পরিমাণ প্রতিবছর হালনাগাদ করা হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ঋণ তহবিলের হিসাবের ভিত্তিতে এবার মেইনটেন্যান্স ফান্ড বাড়ানো হয়েছে।
তবে মেইনটেন্যান্স ফান্ডের পরিমাণ বাড়ানো ছাড়া শিক্ষার্থী ভিসার অন্যান্য মূল শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বোচ্চ ৯ মাসের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি প্রথম বছরের বকেয়া টিউশন ফি প্রদর্শন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার সময়সীমা-সংক্রান্ত নিয়মও অপরিবর্তিত থাকছে।



