ধাওয়া খেয়ে তুরাগে ঝাঁপ দেন তাহসিফ! নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি পুলিশের মতো পোশাক পরা দুজনের ধাওয়া খেয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন বলে দাবি করেছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তবে দীপের দেওয়া সব তথ্য বিশ্বাস করছে না পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বক্তব্যের প্রতিটি বিষয় যাচাই করে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআইয়ের একটি দল দীপকে সাথে নিয়ে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার তুরাগ নদীর তীর পরিদর্শন করে। পরিদর্শন শেষে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, দীপ নানা তথ্য দিয়েছেন। তবে সেসব তথ্যের সবকিছু এখনই বিশ্বাস করা হচ্ছে না। তিনি বলেন, ‘দীপ নানা তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো সব আমরা বিশ্বাসও করছি না। প্রতিটি তথ্য ও বিষয় আমরা যাচাই করে দেখছি।’ দীপের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তারা নির্দিষ্ট একটি স্থানে কথা বলছিলেন। এ সময় পুলিশের মতো পোশাক পরা দুজন লোক তাদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সুযোগ বুঝে সেখান থেকে চলে যান এবং রাত আড়াইটার দিকে বাড়িতে ফেরেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ এমনটাই দাবি করেছেন। তবে এত রাতে তারা ওই এলাকায় কেন গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই স্থানটি মাদকস্পট হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি। পুলিশের মতো পোশাক পরা ব্যক্তিরা কারা ছিলেন, এমন প্রশ্নে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি বলেন, দীপের ভাষ্য অনুযায়ী, ওই দুজনকে দেখে তারা দৌড়ে পালান। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনাস্থলটি একটি খোলা মাঠ, যার তিন দিকেই নদী। দীপের দেওয়া তথ্যের সাথে ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। সিসিটিভি ফুটেজ ও ছায়াতদন্ত তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট করেনি সংস্থাটি। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি জানান, নৌ পুলিশের তদন্তে সহায়তা করতে তারা ছায়াতদন্ত করছেন। নৌ পুলিশ ও পিবিআই উভয়ই বাংলাদেশ পুলিশের অংশ হওয়ায় সমন্বয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলছে। ঘটনাসংশ্লিষ্ট অনেক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে কিছু ফুটেজ বিভ্রান্তিকর হওয়ায় প্রতিটি ভিডিও ও তথ্য সতর্কতার সাথে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। এর মালিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, তাহসিফ বাসা থেকে বের হওয়ার সময় যে মোটরসাইকেল ব্যবহার করেছিলেন, উদ্ধার হওয়া যানটি সেটিই হতে পারে। সিসিটিভি ফুটেজেও তার ব্যবহৃত মোটরসাইকেলে নম্বরপ্লেট ছিল না বলে দেখা গেছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শুক্রবার ভোররাতে টহল পুলিশের সদস্যরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনসংলগ্ন হোন্ডা রোডে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি পান। পরে সেটি থানায় নেওয়া হয় এবং পিবিআইয়ের সদস্যরা থানা থেকে মোটরসাইকেলটি নিয়ে যান। মোটরসাইকেলটির বিষয়ে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ‘আমরা একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। এটি তাহসিফের কি না, সেটি যাচাই করা হচ্ছে। আমাদের ধারণা, মোটরসাইকেলটি তাহসিফের।’ মরদেহ কীভাবে রাজাবাড়ি ঘাটে গেল, তদন্ত দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি সরাসরি সম্প্রচারের ভিডিওতে তাকে ঘটনার বর্ণনা দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, তুরাগ নদীর তীরে ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে ছিলেন তিনি। আর তাহসিফ ছিলেন কিছুটা পেছনে একটি ভবনের সিঁড়িতে। দীপের দাবি, তিনি পিলারের আড়ালে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরা দুজন লোক ধাওয়া করেন। এ সময় তাহসিফ উচ্চস্বরে কথা বলছিলেন। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ২৯ নম্বর পিলার থেকে তুরাগ নদীর দূরত্ব প্রায় ৫০ গজ। অন্যদিকে মাজার বস্তির তুরাগ তীর থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান রাজাবাড়ি ঘাট, যা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান এলাকায় অবস্থিত। ফলে তাহসিফের মরদেহ কীভাবে এবং কার মাধ্যমে রাজাবাড়ি ঘাটে পৌঁছাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES আরও পড়ুন রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি