যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন কড়াকড়ি, বাড়ল ব্যাংকে অর্থ দেখানোর শর্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করেছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে আগের তুলনায় বেশি অর্থের প্রমাণ দেখাতে হবে।
নতুন অভিবাসন বিধি অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার ব্যয় বাবদ ১ হাজার ৫৭০ পাউন্ডের আর্থিক সক্ষমতা দেখাতে হবে। আগে এ পরিমাণ ছিল ১ হাজার ৫২৯ পাউন্ড। অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনা করতে গেলে মাসে ১ হাজার ২০৩ পাউন্ড দেখাতে হবে, যা আগে ছিল ১ হাজার ১৭১ পাউন্ড।
নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের সর্বোচ্চ ৯ মাসের জীবনযাত্রার ব্যয়ের সমপরিমাণ অর্থ ব্যাংক হিসাবে থাকার প্রমাণ দিতে হবে। সে হিসাবে লন্ডনে পড়তে গেলে প্রায় ১৪ হাজার ১৩০ পাউন্ড এবং লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে ১০ হাজার ৮২৭ পাউন্ড পর্যন্ত অর্থ দেখাতে হবে।
এ ছাড়া স্টুডেন্ট ভিসার আবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, কোর্সের বিবরণ, প্রথম বছরের মোট টিউশন ফি এবং ইতোমধ্যে কত অর্থ পরিশোধ করা হয়েছে, তা উল্লেখ করতে হবে।
তবে আগামী ৩০ নভেম্বরের আগে যাঁরা স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেবেন, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না।
ব্রিটিশ সরকারের ভাষ্য, শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ এবং প্রকৃত শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করতেই নতুন আর্থিক শর্ত যুক্ত করা হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে যুক্তরাজ্যে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আগেভাগেই আর্থিক পরিকল্পনা করতে হবে। বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট, টিউশন ফি পরিশোধ এবং জীবনযাত্রার ব্যয়ের অর্থসংক্রান্ত কাগজপত্র আরও সতর্কতার সঙ্গে প্রস্তুত রাখা প্রয়োজন।
বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। ফলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে হালনাগাদ ভিসা নির্দেশনা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



