ডিভি লটারি ২০২৭ নিয়ে নতুন অনিশ্চয়তা, নিবন্ধন শুরুর অপেক্ষা বাড়ল
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
আমেরিকার ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারির নিবন্ধন কার্যক্রম নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপিল আদালত নিম্ন আদালতের একটি আদেশ সাময়িকভাবে স্থগিত করায় আগামী ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আপাতত বাস্তবায়িত হচ্ছে না।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর নবম সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশনা স্থগিত করেন। এর আগে ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং তা স্থগিত রাখার আবেদন জানায়।
এর ফলে ২০২৭ সালের ডিভি লটারিতে আবেদন করতে আগ্রহীদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। আপিল আদালতের সিদ্ধান্তের পর আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে এখন ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম চালু করতে হচ্ছে না।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ডিসেম্বরে। ওই সময় ট্রাম্প প্রশাসন ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত করে। পরে ২০২৬ সালের আগস্টে পররাষ্ট্র দপ্তর আবারও ডিভি ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।
এ অবস্থায় অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল ডিভি লটারি পুনরায় চালুর দাবিতে মামলা করে। ওই মামলার পর একটি ফেডারেল জেলা আদালত পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধন কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তবে আপিল আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই নির্দেশ আপাতত স্থগিত হয়ে গেছে।
আপিল আদালত পর্যবেক্ষণে বলেছেন, মামলাটি করার ক্ষেত্রে আইন প্রতিষ্ঠানটির আইনি অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। আদালতের মতে, ডিভি কর্মসূচির উদ্দেশ্য হলো যেসব দেশ থেকে তুলনামূলক কম মানুষ আমেরিকায় অভিবাসন করেন, সেসব দেশের নাগরিকদের অভিবাসনের সুযোগ দেওয়া; কোনো আইন প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা নয়।
বর্তমানে ডিভি লটারির ভবিষ্যৎ নির্ভর করছে চলমান আপিলের রায়ের ওপর। ফলে ২০২৭ সালের ডিভি লটারি আদৌ চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার মানুষকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে আমেরিকায় অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকেরা সাধারণত এ কর্মসূচিতে আবেদন করতে পারেন।
অভিবাসন বিশেষজ্ঞরা সম্ভাব্য আবেদনকারীদের আমেরিকার পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে অননুমোদিত ওয়েবসাইট, দালাল বা ভুয়া নিবন্ধন প্রস্তাব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।



