এইচএসসিতে ফেল করেও বিদেশে পড়ার সুযোগ, ভিসায় কী প্রভাব পড়বে?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবে এইচএসসিতে একবার অকৃতকার্য হলেই বিদেশে পড়াশোনার সব পথ বন্ধ হয়ে যায় না। পরবর্তী সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হবে।

ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে। এ বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। ফলে যারা এবার কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের জন্য দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা উচ্চশিক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।

যেসব দেশে আবেদন করা যাবে

এইচএসসিতে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করার পর কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করা যায়। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি নীতিমালায় পার্থক্য রয়েছে।

কোনো কোনো বিশ্ববিদ্যালয় সরাসরি স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ দেয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডেশন বা পাথওয়ে প্রোগ্রাম সম্পন্ন করতে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর এইচএসসির ফল, বিষয়ভিত্তিক নম্বর, ইংরেজি দক্ষতা এবং আগের শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ।

আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি-সংক্রান্ত তথ্য যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে কোন দেশ ও বিশ্ববিদ্যালয় নিজের জন্য উপযুক্ত, তা-ও বিবেচনা করতে হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা এজেন্সির দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট দেশের ভিসা-সংক্রান্ত সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করা ভালো।

একবার ফেল করলে কি ভর্তি হতে সমস্যা হয়?

বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক ফলাফল এবং ভর্তির শর্ত পূরণের বিষয়টি বিবেচনা করে। কোনো পরীক্ষায় প্রথমবার অকৃতকার্য হওয়ার কারণে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন বাতিল হয়ে যায়, এমন কোনো সার্বজনীন নিয়ম নেই।

তবে বিশ্ববিদ্যালয়ভেদে একাধিকবার পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। কোথাও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছর, ফল প্রকাশের সময় এবং শিক্ষাজীবনের বিরতির ব্যাখ্যাও চাওয়া হয়। তাই আবেদন করার আগে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা ভালোভাবে যাচাই করা জরুরি।

ভিসা পেতে কি জটিলতা দেখা দেয়?

দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষায় পাস করলে শুধু আগেরবার অকৃতকার্য হওয়ার কারণে বিদেশে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যান হওয়ার কথা নয়। তবে ভিসা আবেদনের সময় শিক্ষার্থীর পূর্ণাঙ্গ একাডেমিক ইতিহাস, পড়াশোনার বিরতি, নির্বাচিত কোর্সের যৌক্তিকতা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করা হতে পারে।

আগের ফলাফল সম্পর্কে তথ্য চাওয়া হলে তা গোপন করা উচিত নয়। বরং প্রথমবার কেন ভালো ফল করা সম্ভব হয়নি এবং পরবর্তী সময়ে কীভাবে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হয়েছেন, প্রয়োজন হলে তা ব্যাখ্যা করতে হবে। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং শিক্ষার্থী ভিসা পাওয়া দুটি আলাদা প্রক্রিয়া।

শুধু একটি পরীক্ষার ফল খারাপ হয়েছে বলে বিদেশে পড়াশোনার পরিকল্পনা বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পুনরায় পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা সম্পর্কে আগেভাগে খোঁজ নেওয়া উচিত। একই সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে। হতাশ না হয়ে সঠিক তথ্য যাচাই করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ থাকতে পারে।