পাকিস্তানের উচ্চশিক্ষার স্বপ্নে আর্থিক সংকট ও মানের অবনতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
উচ্চশিক্ষা খাতে ব্যাপক সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন (এইচইসি)। গত দুই দশকে দেশটিতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, শিক্ষার্থী ভর্তি এবং গবেষণা প্রকাশনা উল্লেখযোগ্যভাবে বাড়লেও আর্থিক সংকট, শিক্ষার মানের অবনতি ও গবেষণায় অনিয়মের কারণে উচ্চশিক্ষা ব্যবস্থা এখন গভীর সংকটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০০২ সালে দেশটিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫৮টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮টিতে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা ২ লাখ ৭৬ হাজার থেকে বেড়ে ২০ লাখ ছাড়িয়েছে।
২০০২ সালে পাকিস্তানে মোট পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার। বর্তমানে প্রতিবছরই তিন হাজারের বেশি পিএইচডি ডিগ্রিধারী তৈরি হচ্ছেন। গবেষণা প্রকাশনার সংখ্যাও ২০০২ সালের প্রায় এক হাজার ৬০০ থেকে বেড়ে ২০২৫ সালে ৪৫ হাজার ছাড়িয়েছে।
অগ্রগতির আড়ালে আর্থিক সংকট
উচ্চশিক্ষায় পরিসংখ্যানগত অগ্রগতির বিপরীতে আর্থিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে। বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালে একটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়, আগামী তিন থেকে চার বছরের মধ্যে পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ সরকারি বিশ্ববিদ্যালয় ঋণখেলাপি হতে পারে।
এর অন্যতম কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারি বরাদ্দের অপ্রতুলতার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় সরকারের বার্ষিক বরাদ্দ ৬৫ বিলিয়ন রুপিতে আটকে আছে। অথচ চলতি বছরে উচ্চশিক্ষা কমিশনের প্রয়োজন ছিল ১৩৮ বিলিয়ন রুপি।
শিক্ষার মান ও গবেষণায় উদ্বেগ
শুধু অর্থসংকট নয়, শিক্ষার মান নিয়েও উদ্বেগ বাড়ছে। ১৯০টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ৩৩ হাজার শিক্ষার্থীর ওপর পরিচালিত এক পরীক্ষায় মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। অন্যদিকে, ৬১ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০ শতাংশের কম নম্বর।
গবেষণার ক্ষেত্রেও উঠে এসেছে অনিয়মের চিত্র। নিম্নমানের ও সন্দেহজনক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশ, তথ্য জালিয়াতি এবং অন্যের গবেষণা নকলের প্রবণতা বাড়ছে। ২০২৫ সালের এক গবেষণায় প্রতি ১০ হাজার গবেষণাপত্রে ২৮ দশমিক ১টি প্রত্যাহারের হার নিয়ে পাকিস্তানকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশেও অনুসরণের আগ্রহ
এদিকে বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের উচ্চশিক্ষা সংস্কার মডেল অনুসরণে আগ্রহী বাংলাদেশও। ২০২৫ সালে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাঠামোর আদলে উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশের খসড়া প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা শিক্ষার্থী ও গবেষণার সংখ্যা বাড়ানোই উচ্চশিক্ষার সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। শিক্ষার মান, আর্থিক ব্যবস্থাপনা, গবেষণার সততা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।



