উদয়নে ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়া এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়ার অভিযোগ করেছে ১০ শিক্ষার্থী। এর প্রতিবাদে ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিন হওয়ায় বিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছে তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, বিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী ও প্রতিবাদী শিক্ষার্থীদের হয়রানি-হুমকি বন্ধ করা, ক্লাস থেকে বঞ্চিত শিক্ষার্থীদের পুনর্বহাল এবং ডিনের প্রভাবমুক্ত স্বাধীন তদন্ত কমিটি গঠন।

ভুক্তভোগীদের অভিযোগ

বিদ্যালয়ের অধ্যক্ষ বরাবর দেওয়া অভিযোগে কয়েকজন ছাত্রী জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সহপাঠী মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করে আসছে। সম্প্রতি কয়েকজন ছাত্রীর আপত্তিকর ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া এবং ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। এর আগে দুবার অভিযোগ জানানোর চেষ্টা করেও তা গ্রহণ করা হয়নি বলে তাদের দাবি।

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানায়, অভিযুক্ত শিক্ষার্থী চার বছর ধরে তাকে বিরক্ত করছে। একাধিকবার অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার পাশাপাশি তার শরীরের সংবেদনশীল অঙ্গ নিয়ে সহপাঠীদের কাছে মন্তব্য করেছে। আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বার্তায় সে বিব্রত হচ্ছে বলেও জানায়।

আরেক ছাত্রী অভিযোগ করেছে, অভিযুক্ত শিক্ষার্থী সহপাঠীদের শরীর নিয়ে অশালীন মন্তব্য ও বার্তা পাঠানোর পাশাপাশি কয়েকজনকে ধর্ষণের হুমকি দিয়েছে। শিক্ষকদের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলে তাদের দাবি।

প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভাষ্য, অক্টোবরের প্রথম দিকে ক্লাস শেষে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। তার মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিকৃত ছবি এবং সংশ্লিষ্ট বার্তা মুছে ফেলতে বলে তারা। এ সময় অভিযুক্তকে থাপ্পড় দেওয়ার ঘটনাও ঘটে বলে এক শিক্ষার্থী জানিয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ৭ অক্টোবর অভিযুক্তের বাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরদিন পরীক্ষা চলাকালে ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে একটি কক্ষে আটকে রাখা হয়। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত তাদের লিখিত বক্তব্য নেওয়া হয়। অভিযোগের পক্ষে ডিজিটাল প্রমাণ সংরক্ষিত একটি মুঠোফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

তাদের অভিযোগ, প্রথমে ওই ১০ শিক্ষার্থীকে পরীক্ষা ও ক্লাস থেকে বিরত রাখা হয়। পরে অভিভাবকদের প্রতিবাদের মুখে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হলেও শ্রেণিকক্ষে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এতে পূজার ছুটিসহ মোট ২৫ দিন তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়। প্রতিবাদ অব্যাহত রাখলে ছাড়পত্র দেওয়ার হুমকি এবং জোর করে একটি কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছে তারা।

এ ছাড়া এক ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে অভিযুক্তের পরিবারের সদস্যরা বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়েছেন এবং অন্য ভুক্তভোগীদের পরিবারকেও চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তদন্ত কমিটি নিয়ে আপত্তি

ঘটনাটি তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী ও এনামুল হক সজীবকে নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যালয় প্রশাসন। তবে অভিযুক্তের বাবার বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অবস্থানের কারণে এই কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, ডিনের প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।

যা বলছে বিদ্যালয় কর্তৃপক্ষ

বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে রাখা হয়েছে। তাদের শিখন ঘাটতি থাকলে তা পূরণ করে দেওয়া হবে।

তদন্ত কমিটি নিয়ে শিক্ষার্থীদের অনাস্থার বিষয়ে অধ্যক্ষ বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে আলোচনা করতে তিনি উপাচার্যের কাছে যাবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কোনো আপত্তি থাকলে শিক্ষার্থীরা তা জানাতে পারবে। কোনো ধরনের অবিচার হতে দেবেন না বলেও আশ্বাস দেন তিনি।

ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ওপর চাপ প্রয়োগের অভিযোগ সম্পর্কে অধ্যক্ষ বলেন, কোনো কোনো পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জেনেছেন। বিষয়টি তদন্ত করা হবে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একটি অনুষদের ভারপ্রাপ্ত ডিন তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তাঁর অভিযোগ, ৭ অক্টোবর কয়েকজন সহপাঠী তাঁর ছেলেকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেছে।

তথ্যসূত্র: প্রথম আলো