ঢাকায় শেংগেন ভিসা কার্যক্রম বন্ধ করল সুইডেন দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

ঢাকায় শেংগেন ভিসা কার্যক্রম বন্ধ করল সুইডেন

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস শেংগেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে শেংগেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার দায়িত্বও আর পালন করবে না দূতাবাসটি। এখন থেকে এ-সংক্রান্ত সব বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদনকারী ও তাদের স্পন্সরদের।

সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সুইডেন দূতাবাস বর্তমানে শেংগেন ভিসার কোনো আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেংগেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয়সহ এ-সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া শেংগেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ার দূতাবাসের আর নেই বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এ নির্দেশনার ফলে বাংলাদেশ থেকে সুইডেনসহ শেংগেন অঞ্চলে ভ্রমণের জন্য আবেদনকারী এবং তাদের স্পন্সরদের ভিসাসংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, শেংগেন ভিসা ইউরোপের ২৯টি দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের অনুমতি দেয়। এ ভিসার মাধ্যমে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেংগেনভুক্ত দেশগুলোতে অবস্থান ও ভ্রমণ করা যায়।