যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স, মিলবে মাসে ২ হাজার পাউন্ড পর্যন্ত ভাতা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। দেশটির কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) আওতায় সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর বা মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন। এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, যাওয়া-আসার বিমানভাড়া এবং জীবনযাত্রার খরচ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৬।
স্কলারশিপের বিস্তারিত
-
প্রতিষ্ঠান: কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি)।
-
বৃত্তির নাম: কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ।
-
অর্থায়ন: যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
-
শিক্ষাবর্ষ: ২০২৭ সালের সেপ্টেম্বর সেশন।
-
আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২৬।
যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে
এ বৃত্তির আওতায় ছয়টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
1. শিক্ষার সুযোগ, অন্তর্ভুক্তি ও সমান প্রবেশাধিকার নিশ্চিত করা।
2. উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া।
3. উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার।
4. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা।
5. স্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা শক্তিশালী করা।
6. সংকট মোকাবিলায় সহনশীলতা ও কার্যকর প্রতিক্রিয়া বৃদ্ধি করা।
বৃত্তির সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কিছু আকর্ষণীয় সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
-
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
-
যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার বিমানভাড়া।
-
মেট্রোপলিটন এলাকার বাইরে বসবাসকারীদের জন্য প্রতি মাসে ১ হাজার ৭১২ ব্রিটিশ পাউন্ড জীবনযাত্রার ভাতা।
-
মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য প্রতি মাসে ২ হাজার ব্রিটিশ পাউন্ড ভাতা।
-
থিসিস তৈরির জন্য অনুদান।
-
ভ্রমণ ভাতা হিসেবে ২০০ ব্রিটিশ পাউন্ড।
এ ছাড়া বিধবা, তালাকপ্রাপ্ত বা একক অভিভাবক শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা। প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৯০ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় সন্তানের প্রত্যেকের জন্য মাসে ১৪৬ পাউন্ড দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এ স্কলারশিপে আবেদন করতে আগ্রহীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
-
আবেদনকারীকে কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে। বাংলাদেশ এ তালিকায় রয়েছে।
-
২০২৭ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করতে সক্ষম হতে হবে।
-
উচ্চ আয়ের কোনো দেশে এক বছর বা তার বেশি সময় পড়াশোনা কিংবা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে না।
-
স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার আর্থিক সামর্থ্য থাকা যাবে না।
-
প্রয়োজনীয় সব নথি নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে।
যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
বাংলাদেশ ছাড়াও বেলিজ, বতসোয়ানা, ডমিনিকা, ফিজি, গাম্বিয়া, ঘানা, ভারত, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়াসহ কমনওয়েলথভুক্ত তালিকায় থাকা মোট ৪৪টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক কোর্স বা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি স্কলারশিপের প্রস্তাব গ্রহণ করা যাবে।
আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৬।
স্কলারশিপের বিস্তারিত ও আবেদনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।



