কানাডায় স্থায়ী বসবাসে এক্সপ্রেস এন্ট্রির নতুন নিয়ম

মিলবে সর্বোচ্চ ১০০ পয়েন্ট

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর করেছে দেশটির সরকার। এখন থেকে নির্দিষ্ট বেতনসীমার চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন নিয়মে চাকরির প্রস্তাবের জন্য লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) বাধ্যতামূলক নয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ পরিবর্তনের কথা জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।

নতুন নিয়মে উচ্চ বেতনের যোগ্য চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে দুটি পদ্ধতির পয়েন্ট একসঙ্গে যোগ হবে না। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।

চাকরির প্রস্তাবে সর্বোচ্চ ১০০ পয়েন্ট

নতুন নিয়ম অনুযায়ী, কানাডায় কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে সংশ্লিষ্ট পেশার নির্ধারিত মধ্যম মজুরির সঙ্গে তুলনা করে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে।

  • মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি বেতন হলে ১০০ পয়েন্ট।

  • মধ্যম মজুরির দেড় গুণ বা তার বেশি হলে ৭০ পয়েন্ট।

  • মধ্যম মজুরির ১ দশমিক ৩ গুণ বা তার বেশি হলে ৫০ পয়েন্ট।

তবে এসব বেতনসীমার কোনোটি পূরণ না হলে চাকরির প্রস্তাবের ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে না।

কানাডায় কাজের অভিজ্ঞতাতেও অতিরিক্ত পয়েন্ট

চাকরির প্রস্তাব ছাড়াও কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার বেতনস্তর অনুযায়ী ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট দেওয়া হতে পারে।

এর পাশাপাশি কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যুক্ত হবে। তবে চাকরির প্রস্তাবের ভিত্তিতে পাওয়া পয়েন্ট এবং কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া অতিরিক্ত পয়েন্ট একসঙ্গে যোগ করা যাবে না।

এলএমআইএ ছাড়াই চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য

নতুন নিয়মে চাকরির প্রস্তাব নতুন বা পুরোনো—যেকোনো নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া যেতে পারে। একইভাবে নতুন পদ কিংবা আগে থেকে চালু থাকা পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে। এসব ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়।

এমনকি চাকরির প্রস্তাবের সঙ্গে এলএমআইএ থাকলেও সেটির ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।

ভুয়া চাকরির প্রস্তাবে কঠোর যাচাই

তবে চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয়তা, বেতন দেওয়ার সক্ষমতা এবং আবেদনকারীর কাজের যোগ্যতা যাচাই করবে আইআরসিসি।

ভুয়া চাকরির প্রস্তাব দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

পুরোনো আবেদনকারীদের স্কোরও পরিবর্তন হবে

নতুন নিয়ম কার্যকর হওয়ায় আগে থেকে থাকা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোরও স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে।

এ সময় নতুন করে আবেদনকারীদের আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন টু অ্যাপ্লাই (আইটিএ) দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

পিআর পাওয়ার নিশ্চয়তা নয়

নতুন নিয়মে কানাডায় স্থায়ী বসবাসের প্রত্যাশীদের অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হলেও শুধু চাকরির প্রস্তাব থাকলেই পিআর নিশ্চিত হবে না। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থাৎ, নতুন নিয়মে যোগ্য চাকরির প্রস্তাব ও কানাডায় কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা বাড়তি সুবিধা পেলেও স্থায়ী বসবাসের জন্য সামগ্রিক যোগ্যতা পূরণ করতে হবে।