ব্রিটেনে স্থায়ী হওয়ার পথ কঠিন, ৫ বছরের বদলে লাগবে ১০ বছর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে নির্দিষ্ট কিছু পেশা ও শ্রেণির অভিবাসীদের জন্য অপেক্ষার সময় কম রাখা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নীতিতে এসব পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের শর্ত পরিবর্তনের প্রস্তাব প্রকাশ করা হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণের পর এবার কোন কোন নিয়ম কার্যকর করা হবে, তা চূড়ান্ত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
কারা ১০ বছর পর স্থায়ী বসবাসের অনুমতি পাবেন?
নতুন পরিকল্পনা অনুযায়ী, সাধারণ অভিবাসীদের যুক্তরাজ্যে টানা ১০ বছর বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আবেদনের আগের সাত বছরের মধ্যে অন্তত পাঁচ বছর বছরে ১২ হাজার ৫৭১ পাউন্ড আয় করতে হবে।
এ ছাড়া আবেদনকারীর কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না, ইংরেজি ভাষায় উচ্চ পর্যায়ের দক্ষতা থাকতে হবে এবং সরকারের কাছে কোনো বকেয়া অর্থ বা ঋণ রাখা যাবে না। অন্তত তিন বছর বছরে ১২ হাজার ৫৭১ পাউন্ড আয় করার শর্তও রাখা হয়েছে।
যারা পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পাবেন
নতুন নিয়মে কয়েকটি শ্রেণির অভিবাসীর জন্য পাঁচ বছর অপেক্ষার বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন—
-
আগের পাঁচ বছরের মধ্যে অন্তত তিন বছর বছরে ৫০ হাজার ২৭১ পাউন্ড আয় করা ব্যক্তিরা।
-
নির্দিষ্ট শর্ত পূরণকারী পরিচর্যাকর্মীরা, যারা ২০২৫ সালের মে মাসের আগে যুক্তরাজ্যে এসেছেন এবং বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেছেন।
-
চিকিৎসক, নার্স ও শিক্ষকদের মতো দক্ষ জনসেবামূলক পেশাজীবীরা।
-
নির্দিষ্ট শর্ত পূরণকারী নার্সিং সহকারী ও শিক্ষক সহকারীরা।
-
হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিজ) মর্যাদাধারীরা।
অন্যদিকে, বছরে ১ লাখ ২৫ হাজার ১৪১ পাউন্ডের বেশি আয় করা এবং গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ফাউন্ডার ভিসার মতো উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীরা মাত্র তিন বছর পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য হতে পারেন।
তবে যারা নির্দিষ্ট কিছু সরকারি ভাতা গ্রহণ করেছেন অথবা অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করেছেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার সময় বেড়ে ২০ বছর হতে পারে।
শরণার্থীদের জন্যও থাকছে আলাদা নিয়ম
যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া শরণার্থীদের জন্য নতুন নিয়মে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দেশটিতে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতির যোগ্য হবেন।
অন্য শরণার্থীদের ক্ষেত্রে অপেক্ষার সময় হবে ১০ বছর। এ সময়ের মধ্যে তাদের কাজ করতে হবে অথবা পড়াশোনা চালিয়ে যেতে হবে। যারা কাজ বা পড়াশোনার কোনোটিই করবেন না, তাদের ক্ষেত্রে অপেক্ষার সময় ২০ বছর হতে পারে।
এ ছাড়া অনিয়মিত পথে, বিশেষ করে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা শরণার্থীদের জন্য আরও কঠোর নিয়ম রাখা হয়েছে। তারা কাজ বা পড়াশোনা করলেও স্থায়ী বসবাসের অনুমতি পেতে ২০ বছর অপেক্ষা করতে হবে।
পরিবারের সদস্যদের ক্ষেত্রে কী পরিবর্তন আসছে?
নতুন পরিকল্পনায় পরিবারের সদস্যদের জন্যও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। একই সময়ে যুক্তরাজ্যে আসা স্বামী-স্ত্রী বা সঙ্গী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একসঙ্গে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য হবেন।
তবে পরিবারের প্রধান সদস্যের পরে যুক্তরাজ্যে যোগ দেওয়া সঙ্গীকে নিজের নির্ধারিত বসবাসের সময় পূর্ণ করতে হবে।
১৮ বছরের কম বয়সী সন্তানেরা আগের মতোই বাবা-মায়ের সঙ্গে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, ব্রিটিশ নাগরিকদের যোগ্য স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তানেরা আগের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতির যোগ্য হবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি বা আইএলআর পাওয়া ব্যক্তিরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন। এ অনুমতি পাওয়ার পর অন্তত ১২ মাস যুক্তরাজ্যে বসবাস এবং অন্যান্য শর্ত পূরণ করলে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও রয়েছে।



