ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ভিসা আবেদনকারীকেই নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ জমা দিতে হবে।
যেভাবে জমা দিতে হবে ফর্ম
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি যথাযথভাবে পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা ফর্মটি NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু হাইকমিশনের নির্ধারিত ফরম্যাটের ফর্মই ব্যবহার করতে হবে। অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত লিংক থেকে ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফর্মে যেসব তথ্য দিতে হবে
প্রকাশিত এক পাতার ‘Visa Undertaking Form’-এ আবেদনকারীকে প্রথমে নিজের নাম লিখে অঙ্গীকার করতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন, ভারত সফরের সময় শুধু সেই উদ্দেশ্যই অনুসরণ করবেন। পাশাপাশি ঘোষণা দিতে হবে, আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক।
ফর্মের প্রথম অংশে ‘Personal Details’ শিরোনামে পাঁচটি তথ্য দিতে হবে। এগুলো হলো—পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা।
দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য বা ‘Purpose of Visit’ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণ।
ফর্মের পরবর্তী তিনটি অংশে আবেদনকারীকে কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান না করা।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার এবং আইনবিরোধী কোনো কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে। ফর্মে উল্লেখ করা হয়েছে, আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়কেই ফর্মে স্বাক্ষর করতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।



