মিসরের আল-আজহার ইনস্টিটিউটে ২৪টি বৃত্তি

আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আল-শরিফ ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ছয়টি বৃত্তি দেওয়া হবে। এসব বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১৮ নভেম্বর বেলা সাড়ে ৩টার মধ্যে।

মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস থেকে পাঠানো নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে।

বৃত্তির যোগ্যতা

আবেদনকারীদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত দূতাবাসের প্রকাশিত নির্দেশিকা থেকে মিলিয়ে নিতে হবে।

এ ছাড়া যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাঁদের এই বৃত্তিতে আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র; সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।
  • জন্মনিবন্ধনের মূল কপি। এতে আবেদনকারীর মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে।
  • সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি।
  • কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট।
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট; এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।
  • পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফলের সনদ সত্যায়িত করে জমা দিতে হবে।
  • আরবি ভাষায় দক্ষতার সনদ, যদি থাকে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এর মধ্যে শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আরবি ভাষায় দক্ষতার সনদ অন্তর্ভুক্ত রয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

অনলাইনে আবেদন শেষ হলে আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় নথি নির্ধারিত স্থানে জমা দিতে হবে। হার্ড কপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬, বেলা সাড়ে ৩টা।

যেখানেই জমা দিতে হবে আবেদনপত্র

প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে রাখা নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা শিক্ষাক্রমের নাম উল্লেখ করতে হবে।

প্রাপকের ঠিকানা:

উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি এবং মিসরের দূতাবাসের প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।