২০২৯ সাল পর্যন্ত বছরে দেড় লাখ বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ দেড় লাখ নতুন শিক্ষার্থী নেওয়ার লক্ষ্যমাত্রা বহাল রেখেছে কানাডা। দেশটির ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির শিক্ষা খাতে সুযোগের ধারাবাহিকতা বজায় থাকছে।
গত ৫ নভেম্বর প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭, ২০২৮ ও ২০২৯ সালে প্রতি বছর মোট ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দাকে কানাডায় প্রবেশের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার অস্থায়ী কর্মী থাকবেন।
এর আগে ২০২৬ সালের অভিবাসন পরিকল্পনায় ২০২৭ ও ২০২৮ সালের জন্য একইসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিকল্পনায় শুধু ২০২৯ সালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী গ্রহণের সংখ্যা বাড়ানো হয়নি, আগের লক্ষ্যমাত্রাই আরও এক বছর বহাল রাখা হয়েছে।
কানাডার আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিত্বকারী সংস্থা কানাডিয়ান ব্যুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (সিবিআইই) সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লারিসা বেজো বলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং নতুন কোর্স চালুর পরিকল্পনা আরও কার্যকরভাবে করতে পারবে।
তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ রয়েছে। সিবিআইইর মতে, ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডা আগের নির্ধারিত শিক্ষার্থী গ্রহণের লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে রয়েছে। এ লক্ষ্য পূরণে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগদাতা ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অন্যদিকে ইউনিভার্সিটিস কানাডাও নতুন অভিবাসন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, অভিবাসন নীতিতে ধারাবাহিকতা ও পূর্বানুমানযোগ্যতা থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে কানাডার শিক্ষাব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়বে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে কানাডা। স্টাডি পারমিটের সংখ্যা নিয়ন্ত্রণ এবং পড়াশোনা শেষে কাজের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছে। অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্তটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ। তবে বছরে দেড় লাখ শিক্ষার্থী নেওয়ার লক্ষ্যমাত্রা কোনো দেশের জন্য আলাদা কোটা নয় কিংবা ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, স্টাডি পারমিটের শর্ত, আর্থিক সামর্থ্যের প্রমাণসহ প্রচলিত অভিবাসনবিধি মেনেই আবেদন করতে হবে।



