কানাডায় পিএইচডি করতে চান? বছরে মিলতে পারে ৭৭ লাখ টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার জন্য বড় অঙ্কের বৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক গবেষক বছরে ৮০ হাজার কানাডীয় ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ লাখ টাকা।

চার বছর মেয়াদি এ বৃত্তিতে একজন গবেষক মোট ৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের এ কর্মসূচির আওতায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ বৃত্তি কর্মসূচির মোট তহবিল ১০ কোটি কানাডীয় ডলার। এর মধ্যে কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন ৫ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। বাকি ৫ কোটি ডলার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনিয়োগ করবে।

২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় প্রথম দফায় গবেষকদের অর্থায়ন শুরু হবে। এরপর প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন গবেষক চার বছর মেয়াদি এ বৃত্তি পাবেন। কর্মসূচির চতুর্থ বছর শুরু হওয়ার আগেই মোট ৫০ জন গবেষক এ সুবিধার আওতায় আসবেন। পরবর্তী সময়েও প্রতিবছর নতুন গবেষক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

কানাডার অন্যতম শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয় টরন্টো বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭ অনুযায়ী, বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩২তম। এ ছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বাই সাবজেক্ট ২০২৬-এর পাঁচটি প্রধান বিষয়ভিত্তিক ক্ষেত্রেই কানাডায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এ বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের মেধাবী গবেষকদের আকৃষ্ট করার পাশাপাশি গবেষণার মান ও সক্ষমতা বাড়াতে চায় বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এটি কানাডায় পিএইচডি গবেষণার একটি সম্ভাবনাময় সুযোগ। তবে আবেদনের যোগ্যতা, বিষয়ভিত্তিক শর্ত, টিউশন ফি এবং আবেদনের সময়সীমা সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।