কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে।

এর আগে সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় ওই ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল সে। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে ছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে বর্তমানে আশঙ্কামুক্ত।

ওসি জাকির হোসেন বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড়, জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টার অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।