বিনা খরচে যুক্তরাজ্যে মাস্টার্স, আবেদন শুরু ১০ নভেম্বর; শেষ ৮ ডিসেম্বর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
যুক্তরাজ্যে বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত নির্দিষ্ট দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, যাওয়া-আসার বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।
আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা (যুক্তরাজ্যের স্থানীয় সময়)।
কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ইন দ্য ইউনাইটেড কিংডমের (সিএসসি) তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে—
-
আবেদনকারীকে বাংলাদেশসহ তালিকাভুক্ত কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে এবং নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
-
২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর (আপার সেকেন্ড ক্লাস বা ২:১ সমমানের) স্নাতক ডিগ্রি থাকতে হবে।
-
দ্বিতীয় শ্রেণির নিম্নমানের স্নাতক ডিগ্রিধারীদের প্রাসঙ্গিক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।
-
উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা বা কাজের অভিজ্ঞতা থাকা যাবে না।
-
বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহনের আর্থিক সামর্থ্য থাকা যাবে না।
-
২০২৭ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে পূর্ণকালীন পড়াশোনা শুরু করার সক্ষমতা থাকতে হবে।
এ বৃত্তির জন্য আবেদনের কোনো বয়সসীমা নেই।
যেসব বিষয়ে বৃত্তি দেওয়া হবে
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে ছয়টি উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এগুলো হলো—
1. সুযোগ, অন্তর্ভুক্তি ও শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা।
2. উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া।
3. উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো।
4. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা।
5. স্বাস্থ্য ব্যবস্থা ও সক্ষমতা শক্তিশালী করা।
6. সংকট মোকাবিলায় সহনশীলতা ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা।
বৃত্তির সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—
-
সম্পূর্ণ টিউশন ফি।
-
যুক্তরাজ্যে যাওয়া ও পড়াশোনা শেষে দেশে ফেরার বিমানভাড়া।
-
লন্ডনের বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ১ হাজার ৭১২ পাউন্ড জীবনযাত্রার ভাতা।
-
লন্ডন মহানগর এলাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ২ হাজার পাউন্ড ভাতা।
-
প্রযোজ্য ক্ষেত্রে শীতের পোশাক কেনার ভাতা।
-
থিসিস বা গবেষণাপত্র তৈরির জন্য অনুদান।
-
যুক্তরাজ্যের ভেতরে বা বাইরে পড়াশোনাসংশ্লিষ্ট ভ্রমণের জন্য অনুদান।
-
বিধবা, তালাকপ্রাপ্ত বা একক অভিভাবক হলে প্রথম সন্তানের জন্য মাসিক ৬২২ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় সন্তানের প্রত্যেকের জন্য মাসিক ১৫৪ পাউন্ড ভাতা। এ সুবিধা পেতে সন্তানদের যুক্তরাজ্যে একই ঠিকানায় বসবাস করতে হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন আবেদনব্যবস্থা সিএসসি সেন্ট্রাল-এর মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক কোর্স ও বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে শেষ পর্যন্ত একটি বৃত্তিই গ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে দুটি আবেদন করতে হবে। প্রথমত, বৃত্তির জন্য সিএসসি সেন্ট্রালে আবেদন এবং দ্বিতীয়ত, পছন্দের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্সে ভর্তির আবেদন। শুধু বৃত্তির আবেদন করলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হবে না।
আবেদনের সময় নাগরিকত্বের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং কমপক্ষে দুজন রেফারির সুপারিশপত্র জমা দিতে হবে।
এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি লাগে না। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ক্ষেত্রে আলাদা ফি থাকতে পারে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের ওয়েবসাইটে।



