লিথুয়ানিয়ায় কাজ ও পড়াশোনার রেসিডেন্স পারমিটে নতুন নিয়ম, যা জানা জরুরি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় চাকরি ও স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য অস্থায়ী বসবাসের অনুমতিপত্র বা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের (TRP) আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় অবস্থানরত বিদেশিরা আর সরাসরি দেশটির অভিবাসন বিভাগে সাধারণ চাকরি কিংবা ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার ভিত্তিতে TRP-এর আবেদন করতে পারবেন না। তাঁদের আবেদন জমা দিতে হবে নির্ধারিত বিদেশি আবেদনকেন্দ্রের মাধ্যমে।

গত ১ নভেম্বর ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের ঘোষণার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Legit.ng এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশি নাগরিকদের আইনি অবস্থানসংক্রান্ত আইনে সংশোধন আনার ফলে আবেদন গ্রহণের পদ্ধতিতে এ পরিবর্তন হয়েছে। নতুন বিধান মূলত সাধারণ চাকরির চুক্তির আওতায় কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার প্রথম ধাপ অর্থাৎ ব্যাচেলর পর্যায়ের পড়াশোনার ক্ষেত্রে প্রযোজ্য।

কারা সরাসরি আবেদন করতে পারবেন?

নতুন নিয়ম অনুযায়ী, লিথুয়ানিয়ায় বৈধভাবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক সরাসরি দেশটির অভিবাসন বিভাগে TRP-এর আবেদন করতে পারবেন, যদি তিনি নির্ধারিত শর্তগুলোর অন্তত একটি পূরণ করেন।

শর্তগুলো হলো—

  • লিথুয়ানিয়ার বৈধ অস্থায়ী বসবাসের অনুমতিপত্র থাকতে হবে।
  • লিথুয়ানিয়া থেকে ইস্যু করা জাতীয় ভিসা থাকতে হবে।
  • অন্য কোনো ইউরোপীয় ইউনিয়ন বা শেনজেনভুক্ত দেশের বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
  • লিথুয়ানিয়ায় ভিসা ছাড়াই প্রবেশ ও অবস্থানের যোগ্যতা থাকতে হবে।

কোন ভিসাধারীরা সরাসরি আবেদন করতে পারবেন না?

নতুন নিয়মে অন্য কোনো শেনজেন দেশের ইস্যু করা শেনজেন ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় প্রবেশকারী বিদেশিরা সাধারণ চাকরি কিংবা ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার ভিত্তিতে সরাসরি দেশটির অভিবাসন বিভাগে TRP-এর আবেদন করতে পারবেন না।

একইভাবে, অন্য কোনো দেশের জাতীয় ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় অবস্থান করলেও তাঁরা সরাসরি আবেদন করার সুযোগ পাবেন না।

এ ধরনের আবেদনকারীদের বিদেশ থেকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। এ ক্ষেত্রে লিথুয়ানিয়ার পক্ষে কাজ করা বহিরাগত সেবাদানকারী প্রতিষ্ঠান VFS Global-এর নির্ধারিত আবেদনকেন্দ্রের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

অর্থাৎ, কেউ স্বল্পমেয়াদি শেনজেন ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় প্রবেশ করে সেখানেই সাধারণ চাকরি কিংবা ব্যাচেলর পর্যায়ের পড়াশোনার জন্য রেসিডেন্স পারমিটের আবেদন করার পরিকল্পনা করলে তাঁকে নতুন নিয়ম সম্পর্কে সতর্ক থাকতে হবে।

উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য ব্যতিক্রম

নতুন বিধানে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য লিথুয়ানিয়ায় আসা বিদেশিদের ক্ষেত্রে আগের আবেদনপ্রক্রিয়া বহাল রাখা হয়েছে। তাঁরা দেশটিতে বৈধভাবে অবস্থান করলে ১ নভেম্বরের পরও প্রচলিত নিয়মে অভিবাসন বিভাগে আবেদন করতে পারবেন।

এ ছাড়া আগে থেকেই কাজের ভিত্তিতে বৈধ অস্থায়ী বসবাসের অনুমতিপত্র রয়েছে, এমন কর্মীদের নবায়নের ক্ষেত্রেও নিয়ম অপরিবর্তিত রয়েছে। বিদ্যমান অনুমতিপত্রের মেয়াদ শেষ হতে ছয় মাসের বেশি সময় বাকি না থাকলে নবায়নের আবেদন অভিবাসন বিভাগ গ্রহণ করবে।

বেলারুশের নাগরিকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাঁরা কর্মসংস্থানের ভিত্তিতে TRP-এর আবেদন আর্মেনিয়া ও জর্জিয়ায় অবস্থিত VFS Global-এর নির্ধারিত কেন্দ্রগুলোতে জমা দিতে পারবেন।

বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য কী বার্তা?

লিথুয়ানিয়ায় কাজ কিংবা পড়াশোনার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশিদের জন্য নতুন নিয়মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অন্য কোনো শেনজেন দেশের ভিসা কিংবা তৃতীয় কোনো দেশের জাতীয় ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় গিয়ে সেখান থেকে সাধারণ চাকরি বা ব্যাচেলর পর্যায়ের রেসিডেন্স পারমিট নেওয়ার পরিকল্পনা থাকলে নতুন বিধান অনুযায়ী আবেদনপ্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

তবে এই পরিবর্তনের অর্থ এই নয় যে বাংলাদেশিরা লিথুয়ানিয়ায় কাজ বা পড়াশোনার সুযোগ হারাচ্ছেন। বরং আবেদন কোথা থেকে এবং কোন পদ্ধতিতে করতে হবে, তা নির্ভর করবে আবেদনকারীর বর্তমান ভিসা, বসবাসের বৈধতা, কাজের ধরন এবং শিক্ষার স্তরের ওপর।

বিশেষ করে মাস্টার্স বা উচ্চতর পর্যায়ের পড়াশোনার আবেদনকে ব্যাচেলর পর্যায়ের নতুন নিয়মের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

তাই লিথুয়ানিয়ায় যাওয়ার আগে নিয়োগকর্তা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আবেদনপ্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি। শুধু ভিজিট বা শেনজেন ভিসা নিয়ে গিয়ে পরে কাজের অনুমতি পাওয়া যাবে—এমন ধারণার ওপর ভিত্তি করে ভ্রমণ কিংবা আর্থিক লেনদেন করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইটে নতুন নিয়ম, আবেদনের যোগ্যতা এবং VFS Global-এর মাধ্যমে আবেদনসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

অভিবাসন বিভাগের ওয়েবসাইট: https://migracija.lrv.lt/