অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসায় বড় পরিবর্তন, ২৮ নভেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার নিয়মে বড় পরিবর্তন আনছে দেশটির সরকার। আগামী ২৮ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে সাধারণভাবে দেশটির ভেতর থেকে স্টুডেন্ট ভিসা বা কাজের ভিসার আবেদন করা যাবে না। বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সব দেশের ভিসা আবেদনকারীদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
অস্ট্রেলিয়া সরকারের সরকারি ওয়েবসাইটে গত ১৩ নভেম্বর প্রকাশিত এক সংশোধনীতে নতুন এ নিয়মের কথা জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ার তিন ধরনের ভিজিটর ভিসায় ‘No Further Stay’ বা ৮৫০৩ নম্বর শর্ত বাধ্যতামূলক করা হচ্ছে। ভিসার এই শর্তের আওতায় দেশটিতে প্রবেশের পর সাধারণভাবে ভিসার ধরন পরিবর্তন করে অন্য কোনো ভিসার জন্য আবেদন করার সুযোগ সীমিত থাকবে।
নতুন নিয়মের আওতায় থাকা ভিসাগুলো হলো—
১. সাবক্লাস ৬০০ (Visitor Visa)
২. সাবক্লাস ৬০১ (Electronic Travel Authority)
৩. সাবক্লাস ৬৫১ (eVisitor Visa)
এর আগে কিছু ভিজিটর ভিসায় ৮৫০৩ নম্বর শর্ত বাধ্যতামূলক ছিল। অন্য কিছু ভিসার ক্ষেত্রে অভিবাসন কর্তৃপক্ষ চাইলে শর্তটি যুক্ত করতে পারত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন ধরনের ভিজিটর ভিসাতেই এ শর্ত বাধ্যতামূলক করা হচ্ছে।
অস্ট্রেলিয়া সরকারের ঘোষণা অনুযায়ী, ২৮ নভেম্বর ২০২৬ বা তার পরে জমা দেয়া ভিসার আবেদনগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। এর আগে যারা আবেদন করেছেন, তাদের ভিসায় নতুন শর্তটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না। তবে কারও ভিসায় আগে থেকেই ৮৫০৩ নম্বর শর্ত উল্লেখ থাকলে তাকে তা মেনে চলতে হবে।
এদিকে, নতুন নিয়মে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছে ‘No Further Stay’ শর্ত তুলে নেয়ার আবেদন করা যাবে। তবে এ জন্য গ্রহণযোগ্য কারণ দেখাতে হবে। আবেদন করলেই শর্ত তুলে নেয়া হবে, এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে, প্রোটেকশন ভিসার আবেদন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নতুন এ সিদ্ধান্তের ফলে ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের ভিসার শর্তগুলো আগে থেকেই ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষ করে যারা ভ্রমণের পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন, তাদের আবেদন করার আগে নতুন নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি।



