২০২৭ সালে রুয়ান্ডায় চালু হচ্ছে ইইউর প্রথম ‘রিটার্ন হাব’

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের ইউরোপ থেকে সরিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। এ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালে আফ্রিকার দেশ রুয়ান্ডায় চালু হচ্ছে অভিবাসীদের জন্য বিশেষ ‘রিটার্ন হাব’ বা ফেরত পাঠানোর কেন্দ্র। জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে।

সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ পরিকল্পনা ঘোষণার কথা রয়েছে। উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, যেসব অভিবাসীর সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোতে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, শুধু তাদেরই রুয়ান্ডায় পাঠানো হবে। সেখানে পৌঁছানোর পর তারা চাইলে রুয়ান্ডার সমাজে একীভূত হয়ে বসবাস করতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

নতুন এ উদ্যোগের সঙ্গে যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যের ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল। তবে আইনি চ্যালেঞ্জের কারণে তা বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর দেশটির লেবার পার্টির সরকার চুক্তিটি বাতিল করে দেয়।

তবে নতুন উদ্যোগে যুক্তরাজ্যও অংশ নিতে পারে কি না, সে সম্ভাবনা উড়িয়ে দেয়নি দেশটির সরকার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, কোনো অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবেও রুয়ান্ডার কেন্দ্রটি ব্যবহার করা হবে।

এদিকে রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে তিনি বলেন, এ পরিকল্পনায় কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখছেন না। এটি কোনো সমাধান নয়।

পাঁচটি দেশের দাবি, ইউরোপের বাইরে অভিবাসীদের পাঠানোর এ পরিকল্পনা ইইউ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এ উদ্যোগের মাধ্যমে অভিবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে।

সম্প্রতি ইইউর অভিবাসন নীতিতে সংস্কারের ফলে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রায় মানব পাচারকারীদের ভূমিকা বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য।

নেদারল্যান্ডস সরকারের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে শুধু অবিবাহিত পুরুষদের রুয়ান্ডায় পাঠানো হবে। দেশটির ক্ষেত্রে রুয়ান্ডার একই অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এর আওতায় তারা বসবাসের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার এবং আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাবেন।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, আইনসম্মত ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। অর্থনৈতিক সুযোগ-সুবিধার বৈশ্বিক বৈষম্য দূর করার বিষয়েও তারা কাজ করবেন। তাঁর মতে, অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক বৈষম্য।

ঘোষণার আগে কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু হতে পারে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হবে। পাঁচটি দেশের প্রতিটি থেকে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে।

এ উদ্যোগে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়ক ভূমিকা পালন করতে পারে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, যাতায়াতের মধ্যবর্তী বিভিন্ন পরিস্থিতিতে থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইওএমের। জটিল পরিস্থিতিতেও এ ধরনের সহায়তা দিয়ে আসছে সংস্থাটি।

তিনি আরও জানান, ফেরত পাঠানোর কেন্দ্র বা এ ধরনের বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইইউ দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে নির্বাচন সামনে থাকায় অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রমাণের চাপের মুখে রয়েছে দেশগুলোর সরকার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি মানুষের হতাশা—সব মিলিয়ে অভিবাসন ইস্যুতে জনমত গঠনে ভূমিকা রাখছে।

তবে রুয়ান্ডাকে এ কেন্দ্রের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টিন দ্য মন্টজোয়া বলেন, ভিন্নমত দমনে রুয়ান্ডার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। এ ছাড়া সেখানে বিনা বিচারে আটক, কারাগারে নির্যাতন এবং প্রতিবেশী দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, অভিবাসীদের বহিষ্কারের কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে শুধু বহিষ্কৃত ব্যক্তিরাই দুর্ভোগ ও ক্ষতির শিকার হবেন না; বরং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি সরকারকে অর্থায়ন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হবে।

ইইউর স্বাধীন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটসও জানিয়েছে, এ ধরনের কেন্দ্র পরিচালনার দায়িত্ব পাওয়া যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।

সংস্থাটি আরও বলেছে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানো উচিত নয়। নেদারল্যান্ডস সরকারও জানিয়েছে, তাদের পরিকল্পনায় শিশুদের পাঠানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।

গত অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অক্টোবরে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।