জার্মানির ভিসার আবেদন হবে অনলাইন পোর্টালে, চালু ১ জানুয়ারি থেকে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

জার্মানিতে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে নতুন অনলাইন পোর্টাল। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ থাকবে এই পোর্টালে।

নতুন এই ব্যবস্থায় জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত কাগজপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকবে।

নির্ধারিত দিনে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। আবেদন জমা দেওয়ার পর পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থাও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

তবে নতুন পোর্টাল চালুর কারণে আগের পদ্ধতিতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। তাদের নতুন পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে digital.diplo.de ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ঢাকায় জার্মান দূতাবাসের ওয়েবসাইটে—dhaka.diplo.de।

জার্মান দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।