অভিবাসন কঠিন হচ্ছে, বৈধ পথে সুযোগ কাজে লাগাতে হবে

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসননীতি ক্রমেই কঠোর হচ্ছে। কোথাও স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া কঠিন হচ্ছে, কোথাও শিক্ষার্থী ও কর্মীদের ভিসার শর্তে যুক্ত হচ্ছে নতুন বিধিনিষেধ। আবার কোথাও আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ে বাড়ানো হচ্ছে কড়াকড়ি। এমন বাস্তবতায় পর্তুগালে দীর্ঘদিন বৈধভাবে বসবাসরত বিদেশিদের জন্য স্থায়ী আবাসনের আবেদনপ্রক্রিয়ায় নতুন অনলাইন ব্যবস্থা চালু হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য এটি স্বস্তির খবর। তবে এই সুযোগকে অভিবাসনের সহজ পথ কিংবা পাঁচ বছর থাকলেই স্থায়ী বসবাস নিশ্চিত—এমনভাবে দেখার অবকাশ নেই।

পর্তুগালের অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা এআইএমএ (AIMA) গত ৫ নভেম্বর অনলাইন যোগাযোগ ফরমে স্থায়ী বসবাসের অনুমতির জন্য অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার নতুন অপশন যুক্ত করেছে। দেশটির অভিবাসন আইনের ৮০ নম্বর অনুচ্ছেদের আওতায় যোগ্য বিদেশিরা এ ব্যবস্থায় আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনকারীর অন্তত পাঁচ বছর অস্থায়ী আবাসিক অনুমতিপত্র থাকতে হবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত রেকর্ড, আর্থিক সামর্থ্য, উপযুক্ত আবাসন, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের মতো শর্তও রয়েছে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনলাইনে ফরম জমা দেওয়া মানেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া নয়। এটি কেবল অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার প্রাথমিক ধাপ। এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হতে হবে। আবেদনকারীর যোগ্যতা ও কাগজপত্র যাচাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ পাঁচ বছরের বৈধ বসবাস একটি গুরুত্বপূর্ণ শর্ত হলেও সেটিই স্থায়ী আবাসনের একমাত্র ভিত্তি নয়।

বাংলাদেশের জন্য এ উদ্যোগের গুরুত্ব রয়েছে কয়েকটি কারণে। পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মী ও অভিবাসী বসবাস করছেন। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে বৈধভাবে কাজ করছেন, কর দিচ্ছেন এবং দেশটির সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে উঠেছেন। তাঁদের জন্য স্থায়ী আবাসনের আবেদনপ্রক্রিয়া আরও নির্দিষ্ট ও সহজলভ্য হওয়া ইতিবাচক। স্থায়ী বসবাসের সুযোগ একজন অভিবাসীর জীবনে নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করতে পারে। একই সাথে পরিবার নিয়ে বসবাস, কর্মজীবনের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনাও তুলনামূলকভাবে সহজ হয়।

তবে এই সুযোগের খবরকে কেন্দ্র করে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে বাংলাদেশে বিদেশে যাওয়ার আগ্রহীদের মধ্যে অনেক সময় কোনো দেশের অভিবাসনসংক্রান্ত খবর অতিরঞ্জিতভাবে প্রচারিত হয়। পাঁচ বছর বৈধভাবে বসবাসের শর্তকে কেউ কেউ এমনভাবে উপস্থাপন করতে পারেন, যেন পর্তুগালে গেলেই পাঁচ বছর পর স্থায়ী বসবাস নিশ্চিত। বাস্তবতা তা নয়। বৈধ ভিসা নিয়ে প্রবেশ, আবাসিক অনুমতি পাওয়া, অনুমতির মেয়াদ বজায় রাখা এবং আইনে নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ-প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। অনিয়মিতভাবে অবস্থান করা কিংবা অনুমতির শর্ত লঙ্ঘন করে কাজ করার মাধ্যমে এই সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয় না।

এখানে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার জন্যও একটি শিক্ষা রয়েছে। বিদেশে যাওয়ার আগে কর্মী ও অভিবাসনপ্রত্যাশীদের সংশ্লিষ্ট দেশের আইন, ভিসার ধরন, আবাসিক অনুমতির শর্ত এবং দীর্ঘমেয়াদি বসবাসের নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। শুধু কোনো দেশে যাওয়ার সুযোগ পাওয়া নয়, সেখানে বৈধভাবে অবস্থান ও কাজের ধারাবাহিকতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারি সংস্থা, দূতাবাস, জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং অভিবাসন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল তথ্য প্রচার প্রয়োজন।

একই সাথে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে না তাকিয়ে তাঁদের অধিকার ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কোন দেশে কী ধরনের ভিসায় যাওয়া হচ্ছে, সেই ভিসায় কাজের অনুমতি আছে কি না, আবাসিক অনুমতির মেয়াদ কত দিন এবং মেয়াদ বাড়ানোর শর্ত কী—এসব তথ্য কর্মীদের হাতে পৌঁছাতে হবে। দালাল বা মধ্যস্বত্বভোগীদের মুখের কথায় নয়, সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত সূত্র থেকে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসননীতি কঠোর হওয়ার পেছনে অনিয়মিত অভিবাসন, ভিসার শর্ত লঙ্ঘন, জাল নথি এবং শ্রমবাজারের চাপের মতো বিষয় কাজ করছে। এর প্রভাব বৈধ অভিবাসীদের ওপরও পড়তে পারে। তাই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইন মেনে চলা, আবাসিক অনুমতির মেয়াদ সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা জরুরি। পর্তুগালের এআইএমএ একই উদ্দেশ্যে বারবার অনলাইন আবেদন না করার পরামর্শ দিয়েছে। এমন নির্দেশনাও মেনে চলতে হবে।

আরেকটি বিষয় মনে রাখা দরকার, পর্তুগালের এই নতুন অনলাইন ব্যবস্থা মূলত প্রথমবার স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আগে থেকেই স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে—এমন ব্যক্তিদের কার্ড নবায়ন কিংবা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট আবেদন এ ব্যবস্থার আওতাভুক্ত নয়। ফলে আবেদন করার আগে নিজের অবস্থান ও আবেদনের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অভিবাসন কেবল এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিষয় নয়; এটি একজন মানুষের জীবন, পরিবার, কর্মসংস্থান ও ভবিষ্যতের সাথে জড়িত। তাই কোনো দেশের নতুন সুযোগকে স্বাগত জানানোর পাশাপাশি তার প্রকৃত শর্ত ও সীমাবদ্ধতাও জানা জরুরি। পর্তুগালের নতুন অনলাইন ব্যবস্থা দীর্ঘদিন বৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশিদের উচিত যোগ্যতা থাকলে এ সুযোগ কাজে লাগানো, আর নতুন অভিবাসনপ্রত্যাশীদের উচিত বৈধ পথ অনুসরণ করে বাস্তবসম্মত পরিকল্পনা করা।

অভিবাসনের প্রতিযোগিতামূলক ও কঠোর হয়ে ওঠা বিশ্বে টিকে থাকার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো বৈধতা, দক্ষতা ও নিয়ম মেনে চলা। কোনো দেশের স্থায়ী বসবাসের সুযোগকে শর্টকাট হিসেবে নয়, বরং দীর্ঘদিনের বৈধ বসবাস ও দায়িত্বশীল অভিবাসনের স্বীকৃতি হিসেবে বিবেচনা করতে হবে।

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা