উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার আকর্ষণ কমার নেপথ্যে ভিসা ও জীবনযাত্রার ব্যয়
মহিবুল ইসলাম মাসুম
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার জনপ্রিয় গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার আকর্ষণ কমছে। বিপরীতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এগিয়ে আসছে ব্রিটেন ও আমেরিকা। ভিসা নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়ার অনিশ্চয়তা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় অস্ট্রেলিয়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০২৬ সালের মার্চে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৩১ শতাংশ অস্ট্রেলিয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন। আগস্টে তা কমে দাঁড়ায় ২৪ শতাংশে। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমেছে ৭ শতাংশ পয়েন্ট বা প্রায় ২২ দশমিক ৬ শতাংশ।
একই সময়ে ব্রিটেন ও আমেরিকার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে ৮ শতাংশ পয়েন্ট। ফলে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দেশ দুটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
জরিপে অস্ট্রেলিয়ার শিক্ষানীতির মূল্যায়নেও অবনতি দেখা গেছে। আগে ১০-এর মধ্যে দেশটির স্কোর ছিল ৬ দশমিক ৬। পরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩-এ। ভিসার নিয়মে ঘন ঘন পরিবর্তন, ভিসা পাওয়ার অনিশ্চয়তা, উচ্চ আবেদন ফি এবং জীবনযাত্রার ব্যয়কে এ অবস্থার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি জানিয়েছেন, ভিসা পাওয়ার সম্ভাবনা তাঁদের বিদেশে পড়াশোনার দেশ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে পছন্দের তালিকায় রাখা শিক্ষার্থীদের এক-চতুর্থাংশের কাছে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
এ পরিস্থিতি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহীদের ভিসার নিয়ম, আবেদন ফি, টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আগেভাগে বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন।
একই সঙ্গে বিকল্প গন্তব্য হিসেবে ব্রিটেন ও আমেরিকার বিশ্ববিদ্যালয়, বৃত্তি, ভিসা নীতি এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ বিবেচনায় রাখা যেতে পারে। তবে শুধু জনপ্রিয়তার ভিত্তিতে দেশ নির্বাচন না করে নিজের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য, পছন্দের বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
জরিপের ফলাফল বলছে, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সিদ্ধান্তে এখন বিশ্ববিদ্যালয়ের সুনামের পাশাপাশি ভিসা পাওয়ার সম্ভাবনা, আর্থিক সক্ষমতা ও পড়াশোনা শেষে কর্মজীবনের সুযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা


