ব্রিটেনের ভিসানীতিতে নতুন সমীকরণ, প্রস্তুতি কতটা বাংলাদেশের?
মহিবুল ইসলাম মাসুম
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী পড়াশোনা এবং দক্ষ পেশাজীবী কাজের সন্ধানে দেশটিতে পাড়ি জমান। তবে ২০২৭ সাল থেকে দেশটির ভিসানীতিতে যেসব পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে নতুন করে হিসাব মেলাতে হবে বাংলাদেশিদের। উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের জন্য সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিবাসনের ক্ষেত্রে যোগ্যতা ও বেতনের শর্ত আরও গুরুত্ব পাচ্ছে। প্রশ্ন হলো, এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ কতটা প্রস্তুত?
যুক্তরাজ্যের ২০২৬ সালের বাজেটে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে দক্ষ কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি গ্র্যাজুয়েটদের ভিসাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসবে। সরকারের লক্ষ্য, বিশ্বের মেধাবী ও উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল আকর্ষণ করা এবং কম ও মধ্যম দক্ষতার অভিবাসন নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ যুক্তরাজ্যের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে এখন দক্ষতা ও যোগ্যতার গুরুত্ব আরও বাড়বে।
এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশি চাকরিপ্রত্যাশীদের ওপর। স্কিলড ওয়ার্কার ভিসায় পেশাভিত্তিক ন্যূনতম বেতন নির্ধারণের পদ্ধতি পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের বসন্ত থেকে সংশ্লিষ্ট পেশার আয়ের ২৫তম পারসেন্টাইলের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। পাশাপাশি সাধারণ বেতনসীমাও হালনাগাদ করা হবে। ফলে শুধু চাকরির অফার পেলেই হবে না, সংশ্লিষ্ট পেশার বেতন ও যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।
অন্যদিকে, বিশ্বের শীর্ষ ১৫০টি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্য হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই) ভিসার আওতা বাড়ানোর পরিকল্পনা ইতিবাচক। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সে সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনে আরও সচেতন হতে হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উদ্বেগের বিষয় গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ কমানো। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সাধারণভাবে এই ভিসার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করার পরিকল্পনা রয়েছে। ফলে পড়াশোনা শেষে চাকরি খোঁজা ও কর্মজীবন শুরু করার সময় কমে আসবে। নির্ধারিত মানদণ্ড পূরণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্য দুই বছরের সুযোগ পেতে পারেন।
এ পরিবর্তন বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিদেশে পড়তে যাওয়ার আগে শুধু বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা টিউশন ফি বিবেচনা করলেই চলবে না। সংশ্লিষ্ট বিষয়ে চাকরির চাহিদা, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের রেকর্ড এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ কতটা বাস্তবসম্মত, তা যাচাই করতে হবে। অন্যথায় বড় অঙ্কের অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ার ঝুঁকি থাকবে।
তবে নতুন নীতিতে কিছু স্বস্তির জায়গাও রয়েছে। স্পন্সরড ভিসায় কর্মরত দক্ষ বিদেশিরা চাকরি হারালে নতুন নিয়োগকর্তা খুঁজে নেওয়ার জন্য সর্বোচ্চ ছয় মাস অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ পাবেন। গবেষণা ও উদ্ভাবন খাতে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশের গবেষক, প্রযুক্তিবিদ ও উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য এটি সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।
কিন্তু এসব সুযোগ কাজে লাগানোর প্রস্তুতি কি আমাদের আছে? আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, মানসম্মত শিক্ষা ও পেশাভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা জরুরি। ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ঠেকাতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর জবাবদিহিও বাড়াতে হবে।
যুক্তরাজ্যের নতুন ভিসানীতি কেবল অভিবাসনের নিয়ম পরিবর্তনের বিষয় নয়; এটি আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত। বাংলাদেশ যদি এখন থেকেই শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে পরিবর্তিত নীতিতেও সুযোগ কাজে লাগানো সম্ভব। অন্যথায় বিদেশে যাওয়ার আগ্রহ থাকলেও যোগ্যতার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন আমাদের শিক্ষার্থী ও পেশাজীবীরা।
তাই এখন প্রশ্ন শুধু ব্রিটেনের দরজা কতটা খোলা, তা নয়; সেই দরজায় পৌঁছানোর মতো প্রস্তুতি বাংলাদেশের কতটা রয়েছে।
সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা


