এক মুহূর্তের অসতর্কতায় প্রবাসীদের বড় ক্ষতি

মহিবুল ইসলাম মাসুম

মহিবুল ইসলাম মাসুম

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল সামনে এসেছে। বাংলাদেশ দূতাবাস, প্যারিসের পরিচয় ব্যবহার করে একটি চক্র ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সেবার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাটি শুধু ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্যও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

প্রতারণার কৌশলটি উদ্বেগজনক। কারণ, প্রতারকেরা সরাসরি অর্থ দাবি না করে প্রথমে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। কখনো ভ্যাকসিনের সিরিয়াল, কখনো দূতাবাসের বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি—এভাবে ব্যক্তিগত তথ্য ও ওটিপি হাতিয়ে নেওয়ার ফাঁদ তৈরি করা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি বিভিন্ন নম্বর থেকে ফোন করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ওটিপি চাইছেন। অথচ এই নামে দূতাবাসে কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মরত নেই। দূতাবাস আরও স্পষ্ট করেছে, তারা কোনো টিকা বা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করে না।

এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রথমেই মনে রাখতে হবে, ওটিপি অত্যন্ত গোপনীয় তথ্য। ব্যাংকিং লেনদেন, অনলাইন অ্যাকাউন্ট কিংবা ব্যক্তিগত সেবার নিরাপত্তা যাচাইয়ে ব্যবহৃত এই কোড অন্য কারও হাতে গেলে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা থাকে। পরিচিত ব্যক্তি, সরকারি কর্মকর্তা কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিলেও ফোন বা বার্তার মাধ্যমে কাউকে ওটিপি জানানো যাবে না। একইভাবে পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও অন্যান্য সংবেদনশীল তথ্যও অপরিচিত কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

প্রবাসীদের একটি বড় অংশ বিদেশে অবস্থান করায় দূতাবাসের সেবা পাওয়ার ক্ষেত্রে ফোন ও অনলাইন যোগাযোগের ওপর নির্ভর করেন। এই সুযোগ কাজে লাগিয়েই প্রতারকেরা সরকারি প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করতে পারে। তাই দূতাবাসের নামে কোনো ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপ বার্তা এলে তাতে দেওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কোনো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে সংশ্লিষ্ট দূতাবাসের সরকারি ওয়েবসাইট বা প্রকাশিত যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি।

এ ক্ষেত্রে প্রবাসীদের পাশাপাশি দূতাবাসগুলোরও দায়িত্ব রয়েছে। প্রতারণার নতুন কৌশল সম্পর্কে নিয়মিত সতর্কবার্তা প্রচার, সরকারি যোগাযোগের মাধ্যমগুলো স্পষ্টভাবে জানানো এবং অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা রাখা প্রয়োজন। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

সন্দেহজনক নম্বর থেকে ফোন বা বার্তা এলে তাতে সাড়া না দিয়ে নম্বরটি ব্লক করা যেতে পারে। প্রতারণার চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের তথ্য দূতাবাসকে জানানোও প্রয়োজন। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস এ ধরনের অভিযোগ জানাতে mission.paris@mofa.gov.bd ই-মেইল ঠিকানা দিয়েছে।

বিদেশের মাটিতে প্রবাসীদের নিরাপত্তা শুধু শারীরিক সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁদের ব্যক্তিগত তথ্য, পরিচয় ও আর্থিক নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতায় ব্যাংক হিসাব কিংবা ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। তাই আবেগে বা তাড়াহুড়ায় কোনো তথ্য দেওয়া যাবে না। পরিচয় যাচাই করতে হবে, সন্দেহ হলে যোগাযোগ বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রতারকেরা যতই কৌশল বদলাক, সচেতনতা ও তথ্য যাচাইয়ের অভ্যাসই হতে পারে তাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। প্রবাসীদের মনে রাখতে হবে—ওটিপি, ব্যাংকিং তথ্য কিংবা ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য কাউকে দেওয়ার বিষয় নয়। নিজের তথ্যের নিরাপত্তা নিজের হাতেই।

সম্পাদক, ডেল্টা টিভি
সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান দূতাবাস ঢাকা