প্রশ্নফাঁসের সত্যতা মিলেছে, গণিত পরীক্ষা পুনরায় নিচ্ছে কেমব্রিজ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (সিআইই) এএস-লেভেলের ফাঁস হওয়া গণিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল কেমব্রিজ নিশ্চিত করে, এএস-লেভেল গণিতের একটি প্রশ্নপত্র পরীক্ষার আগেই অনিয়মিতভাবে ছড়িয়ে পড়ে। আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রটি ফাঁস হওয়ার সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
কেমব্রিজের এক বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ মূল্যায়ন বিশেষজ্ঞদের পরামর্শে গণিত (৯৭০৯/১২) কোডের পরীক্ষাটি নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। আগের প্রশ্নপত্রটি চূড়ান্ত ফলাফলে বিবেচনা করা হবে না।
প্রতিষ্ঠানটির ভাষ্য, পুনঃপরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ন্যায্য ফল নিশ্চিত করা সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ফলাফলের গ্রহণযোগ্যতা বজায় থাকবে।
আগামী ৯ জুন জুন সিরিজের পরীক্ষার অংশ হিসেবে নতুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্কুলপ্রধানের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেমব্রিজ।
এ জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অতিরিক্ত কোনো ফি নেওয়া হবে না। এছাড়া ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।
কেমব্রিজ জানিয়েছে, ১৫ মে’র মধ্যে স্কুলগুলোকে নতুন প্রশ্নপত্র গ্রহণ, পরীক্ষা পরিচালনা এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন ২০২৬ সেশন থেকে প্রত্যাহার ও নভেম্বর ২০২৬ পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত তথ্যও জানানো হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেমব্রিজ।