অভিবাসী অধিকারকর্মী টমি ওলসেনের প্রত্যর্পণ আটকে দিল নরওয়ের আদালত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
অভিবাসী সহায়তাকারী সংগঠন এজিয়ান বোট রিপোর্টের প্রতিষ্ঠাতা টমি ওলসেনকে গ্রিসে প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করেছে নরওয়ের আপিল আদালত। মানবপাচারে সহযোগিতার অভিযোগে তাকে গ্রিসে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।
আদালত জানিয়েছে, টমি ওলসেনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো নরওয়ের আইনে শাস্তিযোগ্য নয়। পাশাপাশি গ্রিসে পাঠানো হলে তার মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলেও আদালত পর্যবেক্ষণ দিয়েছে।
নরওয়ের নাগরিক টমি ওলসেনকে গত ১৬ মার্চ ট্রমসে শহরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে নরওয়ের পুলিশ। গ্রিসের জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তিনি আদালতে আপিল করলে ২০ মার্চ তাকে মুক্তি দেওয়া হয়।
শনিবার (১৬ মে) তার আইনজীবী ব্রিনইউলফ রিসনেস জানান, নরওয়ের আপিল আদালত গ্রিসের প্রত্যর্পণ আবেদন খারিজ করে দিয়েছে।
গ্রিক কর্তৃপক্ষের অভিযোগ, ২০২১ সালে কোস দ্বীপে থাকা কিছু অভিবাসনপ্রত্যাশীকে সহায়তা করেছিলেন টমি ওলসেন। ওই অভিবাসীরা আশ্রয়ের আবেদন ও নিরাপত্তা সহায়তার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। গ্রিসের দাবি, অভিবাসীরা দেশটিতে পৌঁছানোর আগেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই অধিকারকর্মী।
এ ঘটনায় টমি ওলসেন ও তার সংগঠনের বিরুদ্ধে ‘মানবপাচারে সহযোগিতা’ এবং ‘অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার’ অভিযোগ আনে গ্রিক কর্তৃপক্ষ।
২০২২ সালে টমি ওলসেন এবং গ্রিক হেলসিঙ্কি মনিটরের সদস্য পানাইয়োতে দিমিত্রাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ২০২৪ সালের মে মাসে নতুন করে অভিযোগ এনে তার বিরুদ্ধে জাতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আর গ্রিসে যাননি।
রায়ের পর এজিয়ান বোট রিপোর্ট এক বিবৃতিতে জানায়, এটি শুধু টমি ওলসেনের ব্যক্তিগত বিজয় নয়; বরং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সীমান্তে নির্যাতনের তথ্য প্রকাশে কাজ করা সবার জন্য গুরুত্বপূর্ণ বার্তা।
উল্লেখ্য, গ্রিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে সীমান্ত থেকে ফেরত পাঠানো বা ‘পুশব্যাক’-এর অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে গ্রিক কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজার ২০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন।



