বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ ফুল-ফান্ডেড বৃত্তি দিচ্ছে পাকিস্তান
আবেদনের সুযোগ ১০ জুন পর্যন্ত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য ‘আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম’-এর আওতায় ৫০০টি সম্পূর্ণ অর্থায়িত (ফুল-ফান্ডেড) বৃত্তির ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর অধীনে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) এই বিশেষ সুযোগ দিচ্ছে। গতকাল শনিবার (২৩ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা ও উচ্চতর গবেষণার সুযোগ পাবেন। এটি একটি সম্পূর্ণ ব্যয় নির্বাহের সুবিধা সংবলিত স্কলারশিপ। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন সুবিধা, বিমান ভাড়া, বই কেনা এবং অন্যান্য সমস্ত একাডেমিক ব্যয় বহন করা হবে।
উচ্চশিক্ষার এই চমৎকার সুযোগটি পেতে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য জানতে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.hec.gov.pk ভিজিট করার জন্য বলা হয়েছে। দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার প্ল্যাটফর্ম তৈরিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



