অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, বছরে ৪৪ হাজার ডলারের বেশি ভাতা
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
মানবাধিকার বিষয়ে গবেষণায় আগ্রহী দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান University of Melbourne। ‘হিউম্যান রাইটস স্কলারশিপ–২০২৬’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা এবং স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ও স্থানীয় উভয় শিক্ষার্থীই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহীরা মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তি প্রদানের ক্ষেত্রে শুধু একাডেমিক ফলাফল নয়, মানবাধিকার বিষয়ে আবেদনকারীর বাস্তব অবদান, গবেষণার সম্ভাব্য সামাজিক প্রভাব এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকেও গুরুত্ব দেওয়া হবে। আইন, সামাজিক ন্যায়বিচার, উন্নয়ন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো এবং মানবিক অধ্যয়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে এই স্কলারশিপ চালু করা হয়েছে।
আবেদনকারীদের মানবাধিকার-সংশ্লিষ্ট কাজ, গবেষণার লক্ষ্য এবং সম্ভাব্য সামাজিক প্রভাব তুলে ধরে একটি বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট গবেষণা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। তবে একই স্তরের কোনো গবেষণাধর্মী ডিগ্রি পূর্বে সম্পন্ন করে থাকলে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে না।
যে সুবিধা মিলবে
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা
- মাস্টার্স শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত আর্থিক সহায়তা
- স্থানান্তর ভাতা (আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার)
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা
- অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির সুবিধা
পড়াশোনার স্তর ও মেয়াদের ওপর নির্ভর করে এই স্কলারশিপের মোট আর্থিক মূল্য প্রায় ৮৯ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্কলারশিপের ফলাফল আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে।
আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।



