বিদেশি শিক্ষার্থী কমলেও অস্ট্রেলিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যাচ্ছে চীন থেকে।  দেশটির শিক্ষা বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৪৫ হাজার ৯৩৩ জন।

সম্প্রতি প্রকাশিত এডুকেশন ডিপার্টমেন্টের পরিসংখ্যানে দেখা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় শীর্ষে রয়েছে চীন।  ২০২৫ সালে দেশটি থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন ১ লাখ ৯৫ হাজারের বেশি শিক্ষার্থী।  দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজার।  তৃতীয় স্থানে থাকা নেপাল থেকে গেছেন ৭০ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী।

তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।  ২০২৫ সালের হিসাবে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫৬৯ জন।

অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে।  ২০২৪ সালে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল ৮ লাখ ৫০ হাজার ৯২১ জন।  এক বছর ব্যবধানে এ সংখ্যা প্রায় ১ শতাংশ কমে ৮ লাখ ৪৫ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে।

শীর্ষ ১০টি উৎস দেশের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী গেছে শ্রীলঙ্কা থেকে। এছাড়া ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে এসেছে ৫৩ দশমিক ০৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।  ফলে দেশটির অন্যতম বড় রপ্তানি খাত হিসেবে শিক্ষা খাতের গুরুত্ব আরও বেড়েছে।