কানাডায় স্থায়ী হতে চান? এখনই যা করতে হবে

‘ভাষা দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেশন—এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ’

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

কানাডায় স্থায়ী বসবাসের অন্যতম প্রধান পথ এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে।  দেশটির সরকার ইতোমধ্যে এ বিষয়ে পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে।  আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  তবে কিছু পরিবর্তন এর আগেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কানাডার অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম সিআইসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পরিবর্তনের আগে বিদেশি প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।  বিশেষজ্ঞরা তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রথমত, দক্ষ কাজের অভিজ্ঞতা অর্জন।  প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের গত তিন বছরের মধ্যে অন্তত এক বছরের দক্ষ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  ফলে যারা ভবিষ্যতে কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে চান, তাদের এই শর্ত পূরণের দিকে নজর দিতে হবে।  বিশেষ করে উচ্চ বেতনের বা চাহিদাসম্পন্ন পেশায় অভিজ্ঞতা থাকলে নির্বাচনে বাড়তি সুবিধা মিলতে পারে।

দ্বিতীয়ত, ভাষা দক্ষতা উন্নয়ন।  নতুন নিয়মে চারটি ভাষাগত দক্ষতা—শোনা, বলা, পড়া ও লেখায়—ন্যূনতম CLB 6 স্কোরের প্রস্তাব করা হয়েছে।  ভাষা পরীক্ষার ফল দুই বছর পর্যন্ত বৈধ থাকলেও উচ্চ স্কোর অর্জন করলে তা কমপ্রিহেনসিভ র‌্যাংকিং সিস্টেম (CRS)-এ উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে।  বর্তমানে ভাষা দক্ষতা থেকেই সর্বোচ্চ ৩১০ পয়েন্ট পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, যাদের ভাষা পরীক্ষার ফল ছয় মাসের বেশি পুরোনো, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।  কারণ নতুন নিয়ম কার্যকর হওয়ার সময় ফলাফলের মেয়াদ শেষ হয়ে গেলে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।

তৃতীয়ত, ট্রেড সার্টিফিকেশন অর্জন। নতুন ব্যবস্থায় ট্রেডভিত্তিক যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  যারা রেড-সিল নির্ধারিত ট্রেডে কাজ করেন, তাদের জন্য সার্টিফিকেট অব কোয়ালিফিকেশন সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।  এটি আবেদনকারীর প্রোফাইলকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

প্রস্তাবিত সংস্কারে কানাডায় ভাইবোন থাকা, কানাডিয়ান পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি কিংবা ফরাসি ভাষায় উচ্চ স্কোরের জন্য বর্তমানে যে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হয়, তা বাতিলের কথাও বলা হয়েছে।  ফলে আবেদনকারীদের জন্য ভাষা দক্ষতা বৃদ্ধি এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিশেষজ্ঞদের মতে, ভাষা পরীক্ষায় উচ্চ স্কোর অর্জন, প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা সংগ্রহ এবং ট্রেড সার্টিফিকেশন নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আবেদনকারীরা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন।