ফ্রান্সে ‘বিপজ্জনক’ বিদেশিদের আটকের মেয়াদ বাড়িয়ে ২১০ দিন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

ফ্রান্সে অনিয়মিত অবস্থায় থাকা এবং জননিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত বিদেশিদের প্রশাসনিক আটক কেন্দ্রে রাখার সর্বোচ্চ সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ২১০ দিন করা হয়েছে।  মঙ্গলবার (১৬ জুন) ফরাসি পার্লামেন্টে বিলটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

নতুন আইন অনুযায়ী, যেসব বিদেশির বিরুদ্ধে ফ্রান্স ত্যাগের নির্দেশ (OQTF) রয়েছে, যারা অতীতে গুরুতর অপরাধে অন্তত পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন এবং যাদের জননিরাপত্তার জন্য বাস্তব ও গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করা হবে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত আটকাদেশ প্রযোজ্য হবে।

এছাড়া সন্ত্রাসবাদে দণ্ডিত বিদেশিদের ক্ষেত্রেও প্রশাসনিক আটকের সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ২১০ দিন করা হয়েছে।

বিলটির পক্ষে ৩৪৫ জন এবং বিপক্ষে ১৭৭ জন সংসদ সদস্য ভোট দেন। সরকার, ডানপন্থি ও কট্টর ডানপন্থি রাজনৈতিক দলগুলো আইনটির পক্ষে অবস্থান নেয়।

আইন অনুমোদনের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লকর্নু বলেন, ফরাসি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তবে বামপন্থি দল ও মানবাধিকার সংগঠনগুলো আইনটির সমালোচনা করেছে।  তাদের দাবি, প্রশাসনিক আটক একটি ব্যতিক্রমী ব্যবস্থা হওয়া উচিত এবং আটকের সময়সীমা বৃদ্ধি অভিবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালে ফ্রান্সের মূল ভূখণ্ডে প্রায় ১৬ হাজার ৫০০ বিদেশিকে প্রশাসনিক আটক কেন্দ্রে রাখা হয়েছিল।  ওভারসিজ অঞ্চলগুলোর তথ্য যুক্ত করলে এ সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছায়।