মরক্কোতে মাসিক ভাতা ও বিমান টিকিটসহ স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
মরক্কোতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আবারও খুলে গেছে বড় সুযোগ। দেশটির সরকার পরিচালিত মরক্কান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (এএমসিআই) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে।
এ প্রোগ্রামের আওতায় স্নাতক (ব্যাচেলর), স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি পর্যায়ে মোট ২০টি পূর্ণ বৃত্তি দেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ভাতা, যাতায়াতের জন্য দুইটি বিমান টিকিট (যাওয়া–আসা) এবং চিকিৎসা বীমা সুবিধা পাবেন। মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা থিসিস বা গবেষণাপত্র মুদ্রণের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও পাবেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
এই বৃত্তির আওতায় মেডিসিন, প্যারামেডিক্যাল সায়েন্স, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, কৃষি ও ভেটেরিনারি বিজ্ঞান এবং আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
ভাষাগত যোগ্যতা
আবেদনকারীদের ফরাসি ভাষায় প্রাথমিক দক্ষতা থাকতে হবে, কারণ মরক্কোর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভাষাতেই পাঠদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের রাবাতের আন্তর্জাতিক ভাষা কেন্দ্রে ফরাসি ভাষা কোর্স করতে হবে এবং পরে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। উত্তীর্ণরা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে পারবেন।
যোগ্যতা
- স্নাতকে ভর্তির জন্য বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে
- ২০২৫ বা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পাস থাকতে হবে এবং ভালো ফলাফল থাকতে হবে
- মাস্টার্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- মাস্টার্স ও পিএইচডি প্রার্থীদের পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় উল্লেখ করতে হবে
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংযুক্ত করতে হবে এবং নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথি
- পূরণকৃত আবেদন ফর্ম
- শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
- জন্মসনদ
- পাসপোর্ট কপি
- জাতীয় পরিচয়পত্র
- স্বাস্থ্য সনদ
- পুলিশ ক্লিয়ারেন্স
- মাস্টার্স/পিএইচডির ক্ষেত্রে পূর্ববর্তী ডিগ্রি ও গবেষণা সংক্রান্ত নথি
গুরুত্বপূর্ণ তথ্য
- স্বাগতিক দেশ: মরক্কো
- বৃত্তি প্রদানকারী: এএমসিআই
- পর্যায়: স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি
- বৃত্তির সংখ্যা: ২০টি
- শেষ আবেদন তারিখ: ২২ জুলাই ২০২৬



