ভিজিটর ভিসায় আমেরিকায় কী করা যাবে? নির্দেশনা দিল মার্কিন দূতাবাস
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
ভিজিটর ভিসায় আমেরিকায় গিয়ে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত U.S. Embassy Dhaka। একই সঙ্গে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, আমেরিকার ভিসা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।
দূতাবাস জানায়, B1/B2 ভিজিটর ভিসাধারীরা আমেরিকায় পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা বা সম্মেলনে অংশ নিতে পারবেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, B1/B2 ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ ও নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। তাই ভিসাধারীদের অবশ্যই অনুমোদিত উদ্দেশ্যের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।
মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রত্যেক ভিসাধারীর দায়িত্ব। ভ্রমণের উদ্দেশ্য ও ভিসার শর্তের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন।
দূতাবাস সতর্ক করে জানায়, ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে জড়ালে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এ কারণে ভিসার শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের প্রকাশিত গ্রাফিকসেও B1/B2 ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত কার্যক্রমের তালিকা তুলে ধরা হয়েছে। সেখানে পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন কনভেনশন বা সম্মেলনে অংশগ্রহণের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।



