পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

নিউজিল্যান্ড এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য।  দেশটিতে পড়াশোনা করতে আগ্রহীদের জন্য এসেছে নতুন সুখবর।  পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা (Post-Study Work Visa) নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড সরকার, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

নতুন নীতি অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এবং কিছু বিদ্যমান সুবিধার যোগ্যতার শর্তও সম্প্রসারিত করা হয়েছে।  এই পরিবর্তন ২০২৬ সালের ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৬ নভেম্বর ২০২৬ থেকে যেসব শিক্ষার্থী নিউজিল্যান্ডে লেভেল-৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং নিউজিল্যান্ড বা বিদেশ থেকে স্নাতক ডিগ্রিধারী, তারাও পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।  আবেদনকারীদের পূর্ণকালীনভাবে পুরো কোর্স সম্পন্ন করতে হবে এবং স্নাতক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

এছাড়া নতুনভাবে চালু করা হয়েছে ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’।  এই ভিসার মেয়াদ হবে ছয় মাস। যেসব শিক্ষার্থী দীর্ঘমেয়াদি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে পারবেন না, তারা এই ভিসার আওতায় নিউজিল্যান্ডে অবস্থান করে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কাজ করতে পারবেন।

লেভেল-৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা এক বছরের ওয়ার্ক ভিসারও যোগ্য হতে পারেন, তবে শর্ত হলো তাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কোর্সটি অবশ্যই নিউজিল্যান্ডের গ্রিন লিস্টভুক্ত (Green List) পেশার সঙ্গে সম্পর্কিত হতে হবে।  গ্রিন লিস্ট মূলত এমন পেশার তালিকা, যেখানে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে।

শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসার জন্য আরও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে।  এর মধ্যে রয়েছে— নিউজিল্যান্ডে লেভেল-৫ থেকে লেভেল-৭ পর্যন্ত পূর্ণকালীন কোর্স সম্পন্ন করা, কোর্সের মেয়াদ কমপক্ষে ২৪ সপ্তাহ হওয়া, ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ৩,২৫,০০০ থেকে ৩,৭৫,০০০ টাকা) থাকা এবং স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করা।

তবে এই ভিসায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে।  এই ভিসাধারীরা ব্যবসা শুরু করতে পারবেন না, পরিবারের সদস্যদের স্পনসর করতে পারবেন না এবং এটি একবারই পাওয়া যাবে।

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে।  এখন লেভেল-৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে এক বছরের ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন।

ভিসা নীতিতে আরও উল্লেখ করা হয়েছে, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা—দুটিই একজন শিক্ষার্থী জীবনে একবারই ব্যবহার করতে পারবেন।  ফলে শিক্ষার্থীদের এখন থেকে কোর্স নির্বাচন ও পরিকল্পনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

বিশ্লেষকদের মতে, নিউজিল্যান্ডের এই নতুন নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করবে, তেমনি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির বাজারে প্রবেশের পথ আরও সুসংগঠিত করবে।