বিশ্বের পিএইচডি শিক্ষার্থীদের জন্য মেটা ফেলোশিপ, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ কর্মসূচি ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৬-২৭’ শীর্ষক এই কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকরা দুই বছরের পূর্ণ অর্থায়ন, বার্ষিক স্টাইপেন্ড এবং আন্তর্জাতিক গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।

মেটা জানিয়েছে, আগামী ৩ আগস্ট থেকে ফেলোশিপের আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বিশ্বের যেকোনো দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনার মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশপত্র জমা না হলে আবেদন বিবেচনায় নেওয়া হবে না।

নির্বাচিত ফেলোরা দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ব্যয় বহনের সুবিধা পাবেন। পাশাপাশি বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ লাখ ৫৫ হাজার টাকার সমান। এছাড়া জীবনযাপন ব্যয়, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ, মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে যোগদান এবং মেটার গবেষকদের সঙ্গে কাজ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও থাকবে।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন পিএইচডি শিক্ষার্থী হতে হবে এবং অন্তত একটি চলমান গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে ফেসবুক বা মেটা থেকে অন্য কোনো অনুদান বা ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এ কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হবেন না।

ফেলোশিপের সময়সূচি অনুযায়ী, সুপারিশপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬। আবেদন মূল্যায়ন শুরু হবে ১১ অক্টোবর। ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২৭ এবং নির্বাচিতদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬।