আন্তর্জাতিক শিক্ষার্থীদের টানতে চ্যালেঞ্জে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
একসময় উচ্চশিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ছিল কানাডা। তবে সাম্প্রতিক সময়ে কঠোর ভিসা নীতি, বাড়তি আর্থিক শর্ত এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশটিতে ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে।
ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৯৯ হাজার ৪৩৫ জন ভারতীয় শিক্ষার্থী কানাডায় প্রবেশ করলেও ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে প্রায় ১৬ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে শিক্ষার্থী আগমনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা নীতিতে সাম্প্রতিক পরিবর্তন এ প্রবণতার অন্যতম কারণ। বিভিন্ন শিক্ষা কর্মসূচিতে ভর্তি সীমিত করা, ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর করা এবং আর্থিক সক্ষমতার প্রমাণের শর্ত বাড়ানোর ফলে অনেক শিক্ষার্থীর জন্য কানাডায় পড়তে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া দেশটিতে বাড়িভাড়া, খাদ্য, পরিবহনসহ জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করেও অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় স্নাতকোত্তর পর্যায়ের কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ অবস্থায় অনেক ভারতীয় শিক্ষার্থী বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও ফিনল্যান্ডের মতো দেশের দিকে ঝুঁকছেন। তুলনামূলকভাবে আকর্ষণীয় শিক্ষা-সুবিধা, বিভিন্ন বৃত্তির সুযোগ এবং স্নাতকোত্তর কর্মসংস্থানের সম্ভাবনার কারণে এসব দেশ এখন তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকলে কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো আর্থিক চাপের মুখে পড়তে পারে। কারণ বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি দেশটির উচ্চশিক্ষা খাতের অন্যতম প্রধান আয়ের উৎস।



