অভিবাসন ইস্যুতে উত্তপ্ত ব্রিটেন, বাড়ছে বর্ণবাদী সহিংসতা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

ব্রিটেনে সাম্প্রতিক কয়েকটি অপরাধের ঘটনাকে কেন্দ্র করে অভিবাসন ও বর্ণবাদ ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিতর্ক, ডানপন্থি গোষ্ঠীর সক্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণার কারণে দেশটিতে অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

প্রায় চার দশক ধরে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত আলি হায়দার বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কখনো কখনো নিজের গায়ের রং লুকিয়ে রাখতে পারলে ভালো হতো বলে মনে হয়। সম্প্রতি সাউদাম্পটনে এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের পর অশ্বেতাঙ্গদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রতিক্রিয়া বেড়েছে।

এর কিছুদিন পর বেলফাস্টে এক সুদানি অভিবাসীর ছুরিকাঘাতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর মুখোশধারী কিছু ব্যক্তি বিভিন্ন এলাকায় অভিবাসীদের খুঁজে বেড়ায় বলে অভিযোগ ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্ন এসব ঘটনাকে কেন্দ্র করে ডানপন্থি রাজনীতিক ও কর্মীরা অভিবাসনবিরোধী প্রচারণা আরও জোরদার করার সুযোগ পাচ্ছেন।

সাম্প্রতিক জরিপগুলো বলছে, ২০২২ সালের পর থেকে ব্রিটিশদের অভিবাসন বিষয়ে দৃষ্টিভঙ্গি আগের তুলনায় কঠোর হয়েছে। বিশেষ করে ছোট নৌকায় করে আশ্রয়প্রার্থী হয়ে আসা অভিবাসীদের নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি।

এদিকে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী সংগঠন জানিয়েছে, কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণও বেড়েছে। রয়্যাল কলেজ অব নার্সিংয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্যের অভিযোগ ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সব ধরনের বর্ণবাদ ও সহিংসতার নিন্দা জানালেও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অভিবাসন নিয়ে রাজনৈতিক বক্তব্য সমাজে বিভাজন আরও বাড়িয়ে তুলছে।

বেলফাস্টে সাম্প্রতিক সহিংসতার সময় সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। অনেক পরিবার নিরাপত্তার কারণে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুদানি শরণার্থী তওয়াসুল মোহাম্মদ বলেন, সহিংসতার পর থেকে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে বর্ণবাদপ্রসূত ঘৃণামূলক অপরাধের সংখ্যা ৬ শতাংশ বেড়ে ৮২ হাজার ৪৯০টিতে পৌঁছেছে।

অন্যদিকে অভিবাসন নিয়ে জনমতেও পরিবর্তন এসেছে। ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস জরিপে দেখা গেছে, অভিবাসন দেশের অর্থনীতি ও সংস্কৃতির জন্য ইতিবাচক বলে মনে করেন—এমন মানুষের হার ২০২২ সালের ৫০ শতাংশ থেকে ২০২৫ সালে কমে ৩২ শতাংশে নেমে এসেছে।

ব্রেক্সিটের পর শ্রমিক সংকট মোকাবিলায় ভারত, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্যকর্মী ও দক্ষ জনবল আনা হলেও অভিবাসন প্রশ্নটি এখনো ব্রিটিশ রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। ডানপন্থি দল রিফর্ম ইউকে অনিয়মিত অভিবাসীদের গণবহিষ্কারসহ কঠোর অভিবাসন নীতির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আশ্রয়প্রার্থীদের জন্য নতুন আর্থিক নীতির প্রস্তাব দিয়েছেন। এতে ভবিষ্যতে যেসব আশ্রয়প্রার্থী আর্থিকভাবে সক্ষম হবেন, তাদের ছাত্রঋণের আদলে সরকারকে আবাসন ও মৌলিক সহায়তার ব্যয়ের একটি অংশ পরিশোধ করতে হতে পারে। সরকারের দাবি, এতে করদাতাদের ওপর চাপ কমবে। তবে শিশু এবং অসচ্ছল ব্যক্তিরা এই নীতির আওতার বাইরে থাকবেন।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো ব্রিটেনে অভিবাসন ও সামাজিক সম্প্রীতির প্রশ্নকে আরও সংবেদনশীল করে তুলেছে। রাজনৈতিক বক্তব্য ও সামাজিক উত্তেজনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, রয়টার্স ও দ্য গার্ডিয়ান